সহেলি মিত্র, কলকাতাঃ একদিকে যখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ (Dearness allowance) পাচ্ছেন তখন বাংলার কর্মীদের কপালে জুটছে মাত্র ১৮%। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে মহার্ঘ্য ভাতার ফারাক যে চোখে পড়ার মতো তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুধু কি তাই! পঞ্চম বেতন পে কমিশনের আওতায় এখনও অবধি বকেয়া ডিএ পাননি বাংলার সরকারি কর্মীরা। এই বিষয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এসবের মাঝেই এখন প্রাসঙ্গিক হয়ে উঠল ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় থাকা ডিএ বিষয়।
ডিএ নিয়ে ২৭ জানুয়ারি আন্দোলনের ডাক সরকারি কর্মীদের
চলতি বছরেই রয়েছে রাজ্য বিধানসভা নির্বাচন। অপরদিকে এখনও অবধি নতুন ডিএ বা নতুন পে কমিশনের ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ সরকার। প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারি মাসে হতে চলা রাজ্য বাজেটে কি এই বিষয়ে কোনওরকম ঘোষণা করা হবে সরকারের তরফে? উত্তর জানা নেই কারোর। এহেন নানান দোলাচলের মধ্যেই নতুন করে বড় পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের বহু সরকারি কর্মী বৃন্দ। ফের আন্দোলনে সামিল হতে চলেছেন অনেকে বলে খবর।
জানা গিয়েছে, আগামী মঙ্গলবার ২৭ জানুয়ারি কেন্দ্রীয় হারে ডিএ, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে শহিদ মিনার ময়দানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এদিকে কেন দীর্ঘ কয়েক মাস ধরে রাজ্য সরকার নতুন করে ডিএ-র ঘোষণা করেনি, তার কারণ ব্যাখ্যা করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি জানালেন, ‘আমরা যখন দীর্ঘ তিন বছর ধরে লড়াই করছিলাম। তার আগে ২০১৯ সাল থেকে ডিএ প্রায় শূন্য ছিল। আমাদের আন্দোলনের পরে যখন একের পর এক ডিএ ঘোষণা করা হচ্ছিল, তখন আমাদের কর্মচারীদেরই একাংশ বলতেন যে ওটা তো এমনিই দেওয়ার ছিল। এই বছর এখনও পর্যন্ত কোনও ডিএ দেয়নি। কারণ এই বছর আমরা এখনও পর্যন্ত সেভাবে কোনও আন্দোলন করিনি। এখন নামছি। হয়তো ভবিষ্যতে দেবে। অর্থাৎ একটা জিনিস প্রমাণিত যে আন্দোলনের চাপে পড়েই সমস্ত ডিএ ঘোষণা করা হয়েছে।’
আরও পড়ুনঃ এখনই কমছে না শীতের দাপট, দক্ষিণবঙ্গের ৫ জেলায় তুঙ্গে ঠান্ডা, আজকের আবহাওয়া
তিনি আরও বলেন, ‘বিনা আন্দোলনে কেউ দয়া করে আপনাকে অধিকার পাইয়ে দেয়নি। অধিকার তো দেবেই না, কারণ সরকারে থাকা প্রধানের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপরে চাপ না পড়লে কারও অধিকার দেওয়ার ধারণায় বিশ্বাস করেন না। আপনি যদি দুর্নীতি করতে পারেন, তাহলে আপনাকে সুরক্ষিত করার দায়িত্ব তিনি নেবেন…যদি সেই দুর্নীতির অর্থ তাঁর কাছে পৌঁছায়।’
বাজেটে কি সপ্তম বেতন পে কমিশন, ডিএ ঘোষণা করবে সরকার?
অর্থাৎ সরকারি কর্মীদের বক্তব্যে স্পষ্ট, বিক্ষোভ, আন্দোলন করলেই পশ্চিমবঙ্গ সরকার ডিএ বৃদ্ধি করে। সেইসঙ্গে প্রশ্ন উঠছে, আসন্ন রাজ্য বাজেটে কি সপ্তম বেতন পে কমিশন, ডিএ ঘোষণা করবে সরকার? সংশ্লিষ্ট মহলের ধারণা, বিধানসভা নির্বাচনের আগে বাজেটে ডিএ বাড়ানো হতে পারে। ঘোষণা করা হতে পারে সপ্তম বেতন কমিশনের। যাইহোক, নজর থাকবে সরকারের ঘোষণার ওপর।