বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভোটমুখী বাংলায় নতুন নতুন সব প্রকল্প চালু করছে ভারতীয় রেল। রেল মন্ত্রকের হাত ধরে ইতিমধ্যেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেয়েছে বাংলা। চালু হয়েছে তিন তিনটি অমৃত ভারত এক্সপ্রেসও। এছাড়াও পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে রেললাইন নির্মাণ প্রকল্পে হাত লাগিয়েছে রেল। এবার বঙ্গের আমজনতাকে খুশি করতে আরও বড় ঘোষণা দিলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (West Bengal Bullet Train)। একটি প্রেস কনফারেন্সে বাংলার প্রথম বুলেট ট্রেনের ঘোষণা করলেন তিনি। যা চলবে বারানসী-শিলিগুড়ি রুটে।
বাংলা পাচ্ছে বিশেষ বুলেট ট্রেন
রবিবার, নবমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই সময়েই দেশজুড়ে নতুন সাতটি হাই স্পিড রেল করিডরের কথা ঘোষণা করেছিলেন তিনি। যার মধ্যে একটি ছিল বারানসী-শিলিগুড়ি রেল করিডোর। এবার তা নিয়েই মুখ খুললেন রেলমন্ত্রী। সোমবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার রেল খাতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ নিয়ে রেলমন্ত্রী জানান, বাংলায় রেলের উন্নয়নে 14 হাজার 205 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
বাজেটের কত শতাংশ পাচ্ছে বাংলা সে কথা জানানোর পাশাপাশি রেলমন্ত্রী খোলাখুলি জানিয়ে দিলেন, “পশ্চিমবঙ্গের প্রথম বুলেট ট্রেন পাচ্ছে শিলিগুড়ি। এই বিশেষ ট্রেনটি বারানসী থেকে শিলিগুড়ির মধ্যে দিয়ে পাটনা হয়ে ছুটবে। পরবর্তীতে এই হাই স্পিড বুলেট ট্রেনের করিডোর গুয়াহাটি পর্যন্ত বাড়িয়ে নেওয়া হবে।” ওয়াকিবহাল মহলের অনেকেরই দাবি, বাংলার প্রথম বুলেট ট্রেন নিয়ে রেলমন্ত্রীর বড় ঘোষণা বঙ্গের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একাধিক রিপোর্ট অনুযায়ী, বুলেট ট্রেন পরিষেবা চালু হলে বারাণসী থেকে ভায়া পাটনা শিলিগুড়িতে পৌঁছতে যাত্রীদের সময় লাগবে মাত্র 2 ঘন্টা 55 মিনিট। তবে এই রুটে বুলেট ট্রেনের গতি কত হবে কোন কোন স্টপেজ থাকবে তা নিয়ে কোনও স্পষ্ট তথ্য এখনও মেলেনি। বলাই বাহুল্য, শিলিগুড়ি থেকে বারাণসী বুলেট ট্রেন করিডোর ছাড়াও কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত করিডোরের তালিকায় রয়েছে মুম্বই-পুনে, পুনে-হায়দরাবাদ, হায়দরাবাদ-চেন্নাই, হায়দরাবাদ-বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী সহ চেন্নাই-বেঙ্গালুরু করিডোরও।
NEWS | Union Railways Minister Ashwini Vaishnaw on February 2 said that the upcoming Bullet Train corridor running from #Varanasi to #Siliguri via Patna will be extended towards #Guwahati in the future.
Read: https://t.co/qyohGle7W4@AshwiniVaishnaw #bullettrain pic.twitter.com/vw5zNO0utZ
— GPlus (@guwahatiplus) February 2, 2026
অবশ্যই পড়ুন: অপেক্ষার আর তিনদিন, বাজেটে কতটা বাড়তে পারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের DA?
উল্লেখ্য, গত আর্থিক বছরে ভারতের রেল খাতে 2 লাখ 52 হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। এ বছর বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আবেদন ছিল দেশের রেল ব্যবস্থার সার্বিক উন্নয়নের স্বার্থে রেল খাতে অন্তত 2 লাখ 75 হাজার কোটি টাকা বরাদ্দ করা হোক। সেই অনুরোধ মেনেই রবিবারের বাজেটে ভারতীয় রেলের খাতে 2 লাখ 78 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে নয়া দিল্লি।