বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার আরও পাঁচটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP New Candidate List)। শনিবার সন্ধ্যায় কল্যাণী, কৃষ্ণনগর উত্তর সহ 5 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করার পাশাপাশি 3টি আসনের প্রার্থী তালিকায় বদল এসেছে গেরুয়া শিবিরের। আসলে বিগত দিনগুলিতে কর্মী সমর্থকদের লাগাতার বিক্ষোভের কারণে কার্যত বাধ্য হয়ে তিনটি আসনে প্রার্থীদের নাম বদলাতে হয়েছে নরেন্দ্র মোদির দলকে। ঠিক কোন কোন আসনে হল বদল? নতুন করে পাঁচটি আসনে কাদের করা হল প্রার্থী? রইল তালিকা।
নতুন করে 5 আসনে প্রার্থী দিল বিজেপি
আজ অর্থাৎ শনিবার গেরুয়া শিবিরের তরফে একেবারে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে 294টি আসনের মধ্যে বাকি থেকে যাওয়া 5টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করছে তারা। বিজেপির তরফে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী করা হয়েছে শ্রী তারকনাথ চট্টোপাধ্যায়কে। কল্যাণীতে গেরুয়া দলের প্রার্থী হয়েছেন শ্রী অনুপম বিশ্বাস।
এদিকে দমদম উত্তরে বিজেপির তরফে বিধানসভা নির্বাচনে লড়ার জন্য টিকিট পেয়েছেন সৌরভ শিকদার। সম্প্রতি সৌরভকে নিয়ে জল্পনা বেড়েছিল তিনি হয়তো প্রার্থী হতে পারেন। শনিবার সন্ধ্যায় সেই জল্পনাতেই পড়ল সিলমোহর। মধ্যমগ্রামের বিজেপি প্রার্থী হয়েছেন শ্রী অনিন্দ্য রাজু ব্যানার্জি। তাঁকে লড়তে হবে তৃণমূল রথীন ঘোষের বিরুদ্ধে। একই সাথে শেষ অর্থাৎ পঞ্চম আসনে প্রার্থী করা হয়েছে রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে।
অবশ্যই পড়ুন: নিয়ন্ত্রণে থাকবে রক্তে শর্করার মাত্রা, অবশ্যই মেনে চলুন এই ৪ টোটকা
কোন 3 আসনে প্রার্থী বদল করল বিজেপি?
গেরুয়া শিবিরের তরফে বাংলার প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পরই তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন কর্মী সমর্থকরা। আসলে বিজেপি নেতৃত্বের তরফে ঠিক করা প্রার্থী পছন্দ না হওয়ার কারণেই সেই প্রার্থী বদলের দাবি জানিয়েছিলেন তাঁরা। এবার দলীয় কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে 3 আসনে প্রার্থী বদল করল বিজেপি। বসিরহাট উত্তরের প্রার্থী করা হয়েছে কৌশিক সিদ্ধার্থকে। বিষ্ণুপুরের প্রার্থী হয়েছেন অভিজিৎ সর্দার এবং বেহালা পূর্বের প্রার্থী করা হয়েছে শংকর শিকদারকে।