৫.১ মাত্রার ভূমিকম্প অসমে! কাঁপল ত্রিপুরাও, ভরা শীতে ভিটেমাটি হারানোর আতঙ্ক

Earthquake Hits Assam

প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছর পড়তে না পড়তেই ফের ভূমিকম্প! ভোররাতে জোরাল কম্পনে কেঁপে উঠল অসম (Earthquake Hits Assam)। জানা গিয়েছে, সোমবার ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১। এই ভূমিকম্পের জেরে অসম ছাড়াও উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছে। বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। শেষ আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। ত্রিপুরাতেও হয়েছে ভূমিকম্প।

অসমে ভূমিকম্প!

ভোররাতে ঘটে যাওয়া অসমের এই ভূমিকম্প নিয়ে ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা NCS এর তরফে জানিয়েছে, সোমবার ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় অসম-সহ উত্তর-পূর্বের বিস্তীর্ণ অঞ্চলে। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের মরিগাঁও জেলায় তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। এবং এই ভূমিকম্পের উৎপত্তি মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে। এর ফলে কম্পন অনুভূত হয়েছে মরিগাঁও-সহ মধ্য অসমের বিস্তীর্ণ এলাকা এবং আশপাশের জেলাগুলিতে। স্বস্তির বিষয় হল বড় মাত্রার ভূমিকম্প হলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল

আজ অসমে যে সময়ে ভূমিকম্প হয়েছিল, সেই সময় তখনও কারোর ঘুম ভাঙ্গেনি। তাই ঘুমের ঘোরেই কোনো রকমে আতঙ্কে তাঁরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ঠান্ডা ও কুয়াশার মধ্যেই কাঁপতে কাঁপতে সকলে বাইরে দাঁড়িয়েছিল। তবে এই ভূমিকম্প নিয়ে এক অন্য দাবি তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি অনুযায়ী, যেখানে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সেটি কোপিলি ফল্ট লাইনের উপরে পড়ে। অতীতেও এই ফল্ট লাইনের জেরে একাধিক ছোট বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছে উত্তর-পূর্ব ভারতে। তাই এই নিয়ে বেশ চিন্তায় পড়েছে প্রশাসন। ইতিমধ্যেই ভূমিকম্পের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

আরও পড়ুন: এক ধাক্কায় ধোনির পেনশন বাড়ল ২০,০০০ টাকা, ভাতা বাবদ কত পান মাহি?

আতঙ্কিত এলাকাবাসী

ভোররাতে এমন আতঙ্কিত ভূমিকম্পের জেরে এখনও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন যে, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কে অনেকেই ভোর রাতে প্রবল ঠান্ডার মধ্যেও বাড়ি থেকে বেরিয়ে আসেন। তাদের আতঙ্ক হচ্ছিল, যে কোনও মুহূর্তেই বাড়ি ভেঙে পড়তে পারে। তবে এখনও পর্যন্ত প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। জানা গিয়েছে, অসমের আগে ত্রিপুরাতেও ভূমিকম্প হয়েছিল। সোমবার রাত ৩টে ৩৩ মিনিট নাগাদ ত্রিপুরায় গোমতীতে ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯।

Leave a Comment