সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারের বিরাট সিদ্ধান্ত। জনকল্যাণ ও পরিগঠন উন্নয়নে এবার রাজ্যের মন্ত্রিসভা বড়সড় ঘোষণা করল। শনিবার রাতে মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার বৈঠকে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন (Smartphone) প্রদান থেকে শুরু করে বন্যা নিয়ন্ত্রণ আর মেট্রো প্রকল্পের উন্নয়নের মতো একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, এবার রাজ্য সরকারের তরফ থেকে ৮০ হাজার স্মার্টফোন বিলি করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।
অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে স্মার্টফোন
প্রসঙ্গত, এই ঘোষণা করা হয়েছে বিজেপি শাসিত রাজ্য ওড়িশার তরফ থেকে। রাজ্যের মা ও শিশুদের পুষ্টির মান ও স্বাস্থ্যের উপর নজরদারি আরও বাড়ানোর জন্য প্রায় ৮০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহন চরণ মাঝি সরকার। আর এই প্রকল্পের জন্য আনুমানিক ৯৩ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। এমনকি পোষণ অভিযানের আওতায় উপভোক্তা নথিভুক্তিকরণ, প্রতিদিনের তথ্য এন্ট্রি, পরিপূরক পুষ্টি বন্টন আর শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষার অগ্রগতি ট্র্যাকিং করা এতে আরও সহজ হবে।
বন্যা নিয়ন্ত্রণেও বড়সড় বিনিয়োগ
এদিকে রাজ্যে বন্যার ক্ষয়ক্ষতি রুখার জন্য ২৭৮১ কোটি টাকার একটি বিশাল কমপ্রিহেনসিভ ফ্লাড ম্যানেজমেন্ট স্কিম অনুমোদন করা হয়েছে রাজ্যের তরফ থেকে। ২০২৫-২৬ থেকে ২০২৯-৩০ পর্যন্ত ৫ বছর মেয়াদী এই প্রকল্পটি সম্পূর্ণ রাজ্যের নিজস্ব তহবিল থেকেই চালানো হবে বলে জানানো হয়েছে। এর ফলে গ্রাম ও কৃষিজমির রক্ষা পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনহানি অনেকটাই কমবে।
🚨 Odisha Govt has decided to distribute nearly 80,000 Smartphones to Anganwadi Workers for effective monitoring of the nutritional status of mothers and children. pic.twitter.com/1s0XuZHVeg
— Gems (@gemsofbabus_) April 6, 2026
আরও পড়ুন: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকাতে বর্ডারে কুমির, সাপ ছাড়ার প্ল্যান BSF-র
এদিকে রাজ্যের তরফ থেকে আরও বেশ কিছু ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, ভুবনেশ্বর মেট্রো প্রকল্পের জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য। কিন্তু ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে হওয়া ২৭৩.৫১ কোটি টাকা খরচ রাজ্য সরকার নিজেই বহন করবে বলে জানানো হয়েছে। এমনকি সম্বলপুরের বুরলায় অবস্থিত বিখ্যাত বীর সুরেন্দ্র সাই ইউনিভার্সিটি অফ টেকনোলজিকে আধুনিক কলেজ গড়ে তোলার জন্য ৯২৬.৯৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এক কথায়, এই সমস্ত ঘোষণা রাজ্যের আর্থসামাজিক উন্নয়নে যে বিরাট প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।