বিরিয়ানি, মেডেল নিয়ে কাড়াকাড়ি! বীরভূমে ক্রিয়েটর মিট-আপে চরম বিশৃঙ্খলা, ক্ষুব্ধ ভুবন বাদ্যকর

Birbhum

প্রীতি পোদ্দার, সিউড়ি: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করা যেন একপ্রকার ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, এর মাধ্যমে একদিকে যেমন জনপ্রিয়তা অর্জন করা যাচ্ছে ঠিক তেমনই ইনকাম করা যাচ্ছে অনেক টাকা। তাইতো আজ অনেক তরুণ-তরুণীর পরিচয়ের অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আর এবার সেই ক্রিয়েটরদের কথা ভেবে সরাসরি দেখা-সাক্ষাতের সুযোগ করে দিতে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে মিট-আপের আয়োজন হল বীরভূমে (Birbhum)। আর সেখানেই ঘটল চূড়ান্ত বিশৃঙ্খলা, বিরিয়ানি ও মেডেল নিয়ে রীতিমত কাড়াকাড়ি করল সকলে।

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার বীরভূম, মূর্শিদাবাদ, পূর্ব বর্ধমান-সহ অন্যান্য জেলার বাসিন্দা, যাঁরা ফেসবুকে রিলস তৈরি করেন সেই কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়েই এই মিলন-মেলার আয়োজন করা হয়েছিল সিউড়ির হাটজনবাজারে। প্রথমবার বীরভূমের মাটিতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল তাই এই অনুষ্ঠান নিয়ে সকলেই বেশ উত্তেজিত ছিল। কিন্তু উত্তেজনার বশে ঘটল আরেক অঘটন। মেডেল এবং বিরিয়ানি নিয়ে ক্রিয়েটরদের মধ্যে তৈরি হয়েছে বিশৃঙ্খলার পরিস্থিতি। মারামারি এবং ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় ক্রিয়েটরদের মধ্যে। যা নিয়ে ক্ষোভ জানিয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর।

ক্ষুব্ধ জনপ্রিয় ভুবন বাদ্যকর

সোমবারের ফেসবুক ক্রিয়েটরদের মিট-আপে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল ‘কাঁচা বাদাম’-খ্যাত ভুবন বাদ্যকরকে। সোশ্যাল মিডিয়ার পেজের বাইরেও ক্রিয়েটররা একে অপরের সঙ্গে সরাসরি মিলিত হতে পারে সেই জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই ক্ষেত্রে এই ‘মিট-আপে’ দেখা দিল চূড়ান্ত বিশৃঙ্খলা। ভুবন বাদ্যকর বলেন, ‘আয়োজকদের ব্যবস্থাপনা ঠিক ছিল না। ওখানে আরও স্বেচ্ছাসেবক দরকার ছিল। আমি তো এক কাপ চা-ও পাইনি। দেখলাম সবাই খাবার, মেডেল নিয়ে কাড়াকাড়ি করছিল। কর্তৃপক্ষের এই বিষয়টি দেখা উচিত ছিল।’

আরও পড়ুন: দাঁতনে নতুন সেতু, দুর্ভোগ কমবে গ্রামবাসীদের, শিলন্যাস করলেন জুন মালিয়া

বীরভূমে এদিন ক্রিয়েটরদের নিয়ে যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা কথা উঠতে থাকে। এই ব্যাপারে অনুষ্ঠানের আয়োজক সুরজ মিঞা বলেন, কয়েক জন ক্রিয়েটরের জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও বলেন যে, ‘আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের ভালোর কথা চিন্তা করে এই আয়োজন করেছিলাম । কিন্তু এমনটা হবে তা ভাবিনি। প্রয়োজনের তুলনায় বেশি খাবার এবং মেডেল রাখা হয়েছিল। তবে বেশ কিছু ক্রিয়েটর এই বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করেছে ইচ্ছা করে। খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনা। ”

Leave a Comment