মৃত ভোটারের এনামুরেশন ফর্ম পূরণ করে ভারতীয় হওয়ার চেষ্টা! ডানকুনিতে ধৃত বাংলাদেশি

Dankuni

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ভুয়ো ভোটার যাতে না থাকে তার জন্যই ২৬ এর বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগেই এসআইআর প্রক্রিয়া চালু করেছে নির্বাচন কমিশন। এদিকে এই কর্মসূচি শুরু হতেই একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসতে শুরু করেছে। যার মধ্যে অন্যতম হল হুগলির ডানকুনির (Dankuni) ঘটনা। জানা যাচ্ছে সেখানে ২০০২ সালে যাঁদের তালিকায় নাম রয়েছে এবং বর্তমানে যাঁরা প্রয়াত, তেমন ব্যক্তিদের ফর্ম নাকি দেদার বিক্রি হচ্ছে। আর সেই ফর্ম নিয়েই ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করছে বাংলাদেশী এক যুবক।

মৃত ভোটারের তথ্য নিয়ে এনুমারেশন ফর্ম পূরণ

ঘটনাটি ঘটেছে ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের মাথুরডাঙি এলাকায়। জানা গিয়েছে, ২০১৫ সালে মারা গিয়েছিলেন মহসিন খান নামে এক ব্যক্তি। কিন্তু তাঁর নামেই এবার এনুমারেশন ফর্ম ভরে জমা দিলেন ডানকুনির বাসিন্দা নাদিম নামে এক যুবক যে কিনা আদতে বাংলাদেশের বাসিন্দা। এদিকে মৃত মহসিনের দাদা মাইদুল খান এই প্রতারণার কথা জানতে পারেন এবং এনুমারেশন ফর্ম যে নির্বাচন কমিশন গ্রহণ করেছে সেটিও তিনি জানেন। এরপর মৃত ব্যক্তির আত্মীয়স্বজন বুধবার রাতে বাংলাদেশি যুবক নাদিমকে আটকে রাখেন এবং পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে যায় ডানকুনি থানার পুলিশ। নথি জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয় যুবককে।

কী বলছেন অভিযুক্ত?

ডানকুনি থানার পুলিশ এদিন অভিযুক্ত নাদিমকে জিজ্ঞাসাবাদ করা হয় যে কী ভাবে অন্য এক মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম তিনি পেয়েছেন, এর সঙ্গে আর কারা জড়িত। সেই সময় অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিম জানিয়েছেন যে, ১৫ বছর ধরে তিনি ডানকুনিতে বসবাস করছেন। চার হাজার টাকা দিয়ে ভোটার কার্ড তৈরি করেন। কিন্তু SIR শুরু হতেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এছাড়াও নাদিম বলেন, ‘‘বিএলও-র থেকে এনুমারেশন ফর্ম জোগাড় করেছি। তিনি কোনও প্রমাণ চাননি। নিজে ফর্ম ভরে নিজের ছবি লাগিয়ে জমা দিয়েছি।’’ তবে তিনি স্পষ্ট জানিয়েছেন যে এনুমারেশন ফর্ম পেতে তাঁকে কেউ সাহায্য করেননি।

আরও পড়ুন: বিরোধিতা অতীত, রাজ্যে মানল ওয়াকফ আইন! সম্পত্তির খতিয়ান আপলোডের নির্দেশ নবান্নর

উল্লেখ্য, রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় শুরু থেকেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কোথাও ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ভোটাররা তো কোথাও আবার অতিরিক্ত কাজের চাপে বেসামাল হয়ে আত্মহত্যার পথ হাতড়াচ্ছেন বুথ লেভেল অফিসারেরা। তার মাঝেই মাথাচারা দিয়ে উঠছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিস্ফোরক তথ্য। এমতাবস্থায় পশ্চিমবঙ্গে ফের বাংলাদেশি যুবকের হদিস মেলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Leave a Comment