বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ বিরাট সিদ্ধান্ত রেলের। প্রায় চার ঘন্টা দেরিতে চলছিল এক্সপ্রেস ট্রেন। কোনও রকম ঘোষণা ছাড়াই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই স্পেশাল ট্রেনটি। যার ফলে চরমে ওঠে যাত্রী ভোগান্তি। শুধু তাই নয়, চূড়ান্ত অব্যবস্থার কারণে একটা বড় অংশের যাত্রীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল রেল কর্তৃপক্ষকে। আর তারপরেই কোনও রকম নির্ধারিত টিকিট ছাড়াই এক প্রকার বিনামূল্যে গুনে গুনে 300 জন যাত্রীকে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) তুলে দিল রেল কর্তৃপক্ষ। যা বন্দে ভারতের যাত্রীদের ভোগান্তি আরও বাড়ায়। তাঁদের অভিযোগ, বেলের সিদ্ধান্তে ট্রেনে যাত্রীসংখ্যা বেড়ে যাওয়ায় নিশ্চিন্ত সফর ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেলের গাফিলতির কারণেই চরম ভোগান্তি যাত্রীদের?
সমস্যার শুরুটা হয়েছিল রবিবার রাত থেকেই। এদিন রাত 1 টা 15 নাগাদ হাওড়া থেকে দিল্লির উদ্দেশ্যে একটি স্পেশাল ট্রেন ছাড়ার কথা ছিল। সেই মতোই প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন যাত্রীরা। এরই মাঝে রেলের তরফে জানানো হয় ট্রেনটি কমপক্ষে চার ঘন্টা দেরিতে চলছে। এর অর্থ, রবিবার রাতের বদলে সোমবার ভোরে ওই ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দেবে। তবে এমন ঘটনার পরও পরবর্তীতে কোনও ঘোষনা ছাড়াই হাওড়া স্টেশন থেকে ছেড়ে দেয় দিল্লিগামী ওই ট্রেন। যাত্রীদের অভিযোগ, ট্রেন ছেড়ে দেওয়ার আগে তাঁদের কিছুই জানানো হয়নি।
কোনও রকম ঘোষণা ছাড়াই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যাওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন ভুক্তভোগী যাত্রীরা। স্টেশন মাস্টারের রুম থেকে শুরু করে অনুসন্ধান অফিস এমনকি ডেপুটি এসএম অফিস ঘেরাও করেন তারা। চরম ভোগান্তির কারণে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না যাত্রীদের কেউই। এরপরই রেলের তরফে সাফাই দিয়ে জানানো হয়, যেসব যাত্রীরা দিল্লিগামী স্পেশাল ট্রেনে উঠতে পারেননি সেই 300 জন যাত্রীকে বন্দে ভারতে করে নিয়ে যাওয়া হবে। ফলে নির্ধারিত টিকিট ছাড়াই একপ্রকার বিনামূল্যেই বন্দে ভারতে তোলা হয় যাত্রীদের। এজন্য অবশ্য নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি বন্দে ভারত।
অবশ্যই পড়ুন: অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন প্রাক্তন KKR স্টার
এদিকে, রেলের গাফিলতিকে সামনে রেখে বন্দে ভারতের যাত্রীদের একাংশের অভিযোগ, রেল ভুল করেছে আর তার দায় আমাদের নিতে হচ্ছে। বন্দে ভারতে অতিরিক্ত যাত্রী উঠে পড়ার কারণে আমাদের শান্তিপূর্ণ যাত্রা বিঘ্নিত হয়েছে। দেখা দিয়েছে ব্যাপক বিশৃঙ্খলা। যদিও সেইসব অভিযোগ সত্ত্বে 300 জন যাত্রীকে বন্দে ভারতে চাপিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে বলেই খবর। জানা যায়, রেলের সিদ্ধান্তে নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা দেরিতে ছুটেছিল বন্দে ভারতের চাকা।