বিক্রম ব্যানার্জী, কলকাতা: মরসুমের একেবারে শুরু থেকেই স্ট্রাইকার সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল। সম্প্রতি দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে ছেড়ে দেওয়ার পর লাল হলুদ শিবিরে ভিড়েছেন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি (Hiroshi Ibusuki) এবং মরক্কোন ফুটবলার হামিদ আহদাদ। তবে তারা কেউই লাল হলুদের হয়ে মশাল জ্বালাতে পারছেন না। গত রবিবার, গোয়ার বিরুদ্ধে 120 মিনিটের ম্যাচে গোল মিসের প্রদর্শনী দেখালেন ইবুসুকিরা। তাছাড়াও দুর্গভেদের দুর্বলতা তো আছেই। আর এইসব নিয়েই বেজায় ক্ষুব্ধ ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডু’কুনহা। ইস্টবেঙ্গল ফুটবলার হিরোশিকে একেবারে সরাসরি আক্রমণ করে বসলেন তিনি।
হিরোশিকে কড়া ভাষায় আক্রমন লাল হলুদ প্রাক্তনীর
গত সুপার কাপ ফাইনালে গোয়ার বিরুদ্ধে একেবারে দাপিয়ে খেলেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথম থেকেই মাঠে নিজেদের ক্ষমতা বোঝাচ্ছিলেন ইস্টবেঙ্গলের ছেলেরা। তবে প্রতিপক্ষকে ঠেকাতে তাঁরা এতটাই বেশি নিজেদের নিমজ্জিত করে দিয়েছিল যে, ম্যাচ জিততে গোলটাও যে করতে হয় সেটা একপ্রকার ভুলেই গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে চেষ্টা হয়নি তেমনটা নয়। তাতে অবশ্য এসেছে শুধুই ব্যর্থতা। 62 মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল লাল হলুদ।
এদিন, বিপিন সিং সোজা পাস বাড়িয়েছিলেন হিরোশির কাছে। তবে জাপানি স্ট্রাইকার গোয়ার গোলকিপারকে বোকা বানাতে তো পারলেনই না বরং গোল মিস করে ইস্টবেঙ্গলের চিন্তা বাড়ালেন। লাল হলুদের হয়ে ড্রিবল দেখানো তো দূরের কথা, বল ঠিকভাবে টার্ন করাতেই পারছেন না ইবুসুকি। যা দেখে রাগে অগ্নিশর্মা ইস্টবেঙ্গল সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ফুটবলারও। আর এসব নিয়েই জাপানি স্ট্রাইকারের ব্যর্থতাকে সামনে রেখে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অ্যালভিটো একেবারে সরাসরি আক্রমণ করে বসলেন ইবুসুকিকে।
অ্যালভিটো বললেন, “ইস্টবেঙ্গল যদি কোনও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে চায়, তবে যত দ্রুত সম্ভব এই হিরোশিকে বাদ দিতে হবে। গোটা ম্যাচে ওর কোনও ভূমিকাই ছিল না। একটা সুযোগ পেয়েও সেটা মিস করলো।” লাল হলুদ প্রাক্তনী প্রশ্ন তুলেছেন, জাপানি স্ট্রাইকারের দক্ষতা নিয়ে। বলেছেন, “কীভাবে যে এদের মতো ফুটবলার ইস্টবেঙ্গলে সুযোগ পায় সেটাই ভাবার বিষয়। আমি বলব খেপের ফুটবলাররা ওর থেকে ভাল খেলবে। তারা অন্তত এটা জানে যে ইস্টবেঙ্গল কত বড় দল।”
অবশ্যই পড়ুন: বাদ ১০০৫ জনের নাম, বিশেষ অনুরোধে IPL 2026 মিনি নিলামে ফিরলেন KKR প্রাক্তনী
প্রসঙ্গত, লাল হলুদ প্রাক্তনীর একেবারে স্পষ্ট বক্তব্য, দিমির মতো একজন স্ট্রাইকারকে ছেড়ে দিয়েই প্রথম ভুলটা করে ইস্টবেঙ্গল। ওর মতো খেলোয়াড় দলে থাকা প্রয়োজন। হামিদ যদিও কয়েকটা ম্যাচে গোল পেয়েছে। চোট জর্জরিত হয়েও কামাল দেখিয়েছে। তবে বাঁচতে হলে যত দ্রুত সম্ভব ইবুসুকির বিকল্প খুঁজতে হবে ইস্টবেঙ্গলকে।