৮.৮০ কোটি টাকা দিলেই আমেরিকার নাগরিকত্ব, ‘গোল্ড কার্ড’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

Trump Gold Card

সৌভিক মুখার্জী, কলকাতা: আমেরিকার H-1B ভিসা সংক্রান্ত জটিলতার মধ্যেই এবার নতুন গোল্ড কার্ড চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবেই এবার ইমিগ্রেশন প্ল্যান ‘ট্রাম্প গোল্ড কার্ড’ (Trump Gold Card) চালু হল। আর এই নতুন ব্যবস্থায় ১০ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় মোটামুটি ৮ কোটি ৮০ লক্ষ টাকা দিতে পারলে আবেদনকারী স্থায়ীভাবে আমেরিকায় বসবাসের অনুমতি পাবে। বৃহস্পতিবার ট্রাম্প নিজেই এ কথা ঘোষণা করেছেন।

বলাবাহুল্য, আজ থেকেই ট্রাম্প গোল্ড কার্ডের জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছে। তবে ভিসা অনুমোদনের ক্ষেত্রে আবেদনকারীকে শুধু মোটা অংকের ফি গুনতে হবে। সবথেকে বড় ব্যাপার, বড় বড় সংস্থাগুলোও এই স্কিমের মাধ্যমে টাকা বিনিয়োগ করে যে কোনও বিদেশী কর্মীকে আমেরিকায় স্থায়ীভাবে রেখে দিতে পারবে। বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।

ব্যক্তিগত আবেদনকারীদের জন্য চালু হল ট্রাম্প গোল্ড কার্ড

যারা ব্যক্তিগতভাবে আমেরিকায় বসবাস করতে চায়, তাদের জন্য ট্রাম্প গোল্ড কার্ড চালু করা হয়েছে। এক্ষেত্রে আবেদন করতে গেলে মার্কিন ডিপার্টমেন্টে ১৫ হাজার মার্কিন ডলার প্রসেসিং ফি জমা দিতে হবে। তারপর প্রয়োজনীয় নথি জমা এবং ফি দেওয়ার পরেই প্রক্রিয়া শুরু হবে। আর যাচাই শেষে আবেদনকারীকে মোট ১০ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৮০ লক্ষ টাকা ফি দিতে হবে। তবে আবেদনকারীর প্রোফাইল অনুযায়ী অতিরিক্ত ফি ধার্য করা হতে পারে। এক্ষেত্রে বলার বিষয়, আবেদন বাতিল হলে প্রসেসিং ফি ফেরত দেওয়া হবে না।

কর্পোরেট স্পন্সরদের জন্য চালু হল ট্রাম্প কর্পোরেট গোল্ড কার্ড

তবে যদি কোনও কোম্পানি এক বা একাধিক বিদেশী কর্মী আমেরিকায় নিয়োগ করতে চায়, সেক্ষেত্রে তারা এই ভিসায় আবেদন করতে পারবে। তাদের জন্য ১৫ হাজার মার্কিন ডলার প্রসেসিং ফি দিতে হবে। এই টাকাও কোনওরকম ফেরতযোগ্য নয়। আর এক্ষেত্রে যাচাই শেষ হলে ২০ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৭ কোটি ৬০ লক্ষ টাকা দিতে হবে। কিন্তু কোম্পানি চাইলে আগের স্পন্সরশিপ বাতিল করে সেই টাকায় নতুন কর্মীকে স্পন্সর করতে পারে। তার জন্য অতিরিক্ত টাকা দিতে হবে না। এই ভিসায় বছরে ১% মেইনটেন্যান্স চার্জ দিতে হবে এবং ৫% ট্রান্সফার ফি দিতে হবে।

আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই ব্যাঙ্কের চাকরি, মোটা বেতন! SBI-তে প্রায় হাজার শূন্যপদে নিয়োগ

প্রসঙ্গত এদিন ট্রাম্প বলেছেন, এতদিন অনেক প্রতিভাবান গ্রাজুয়েট প্রার্থীরা ভিসার অনিশ্চয়তার কারণে ভারত, চিন বা ইউরোপে যেতে বাধ্য হত। তবে ট্রাম্প গোল্ড কার্ডের মাধ্যমে এবার কোম্পানিগুলি সহজেই আমেরিকায় নিযুক্ত হতে পারবে। আর প্রয়োজনে বিদেশী কর্মীদের স্থায়ীভাবে আমেরিকায় রাখার ব্যবস্থাও করতে পারবে। এ কারণেই তিনি ব্যক্তিগত এবং কর্পোরেট গোল্ড কার্ড চালু করলেন।

Leave a Comment