বিক্রম ব্যানার্জী, কলকাতা: বক্সিং জগতে তাঁর নামডাক প্রচুর। 6 বারের বিশ্বচ্যাম্পিয়ন তিনি। সেই মেরি কমের সাদা পোশাকে এবার কাঁদা ছুঁড়লেন তাঁর প্রাক্তন স্বামী কে ওনলার (Allegations On Mary Kom)। কিছুদিন আগেই, প্রাক্তন স্বামীকে নিয়ে বেপরোয়া সব মন্তব্য করেছিলেন ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন। তাঁরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে একাধিক সব গুরুতর অভিযোগ এনেছেন মেরি কমের বিবাহবিচ্ছিন্ন স্বামী। ভারতীয় বক্সারের বিরুদ্ধে দীর্ঘ 10 বছর ধরে একাধিক সম্পর্কে জড়িয়ে থাকা এক কথায় পরকীয়ার অভিযোগ তুলেছেন ওনলার।
প্রাক্তন স্বামীকে তুলোধনা করেছিলেন মেরি কম
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে, নিজের প্রাক্তন স্বামীকে নিয়ে কথা বলার সময় বেফাঁস বলেছিলেন মেরি। ভারতীয় বক্সার দাবি করেছিলেন, প্রাক্তন স্বামী নাকি তাঁর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে গিয়েছেন। তিনি এও বলেছিলেন, ওনলার নাকি কিছুই করতেন না। সারাদিন বাড়িতে বসে ঘুমান। তাঁর আর্থিক অবস্থা দেখে মেরি যা রোজগার করতেন সেটাই প্রাক্তন স্বামীর হাতে তুলে দিতেন। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন মেরি। তাঁর গায়ে সেঁটেছিলেন বেকার তকমা। এবার তারই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ওনলার।
মেরিকে নিয়ে একাধিক গুরুতর সব অভিযোগ ওনলারের
মেরি কমের বক্তব্যের পর এক সাক্ষাৎকারে ভারতীয় বক্সারের প্রাক্তন স্বামী গুরুতর সব অভিযোগ এনেছেন। তাঁর দাবি, 10 বছর আগে থেকেই একাধিক পরকীয়ায় জড়িয়ে ছিলেন মেরি। এর প্রমাণও তাঁর কাছে রয়েছে বলেই জানিয়েছেন ওনলার। মেরি কমের প্রাক্তন স্বামী বলেন, “2013 সাল থেকে এক জুনিয়ার বক্সারের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন মেরি। সেই পরকীয়া নিয়ে আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। এরপর দ্বিতীয়বারের জন্য 2017 সালে নিজের বক্সিং অ্যাকাডেমির কর্মী, ব্যবসায়িক অংশীদার হিতেশ চৌধুরী সাথে পরকিয়ায় জড়ান।”
মেরি কমের বিবাহবিচ্ছিন্ন স্বামী বলেছেন, “দিনের পর দিন এই পরকীয়া মেনে নেওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাচ্চাদের স্বার্থে 2023 সালের ডিসেম্বর মাসে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটি।” ওনলারের কথায়, তাঁর সাথে বেইমানি করেছেন মেরি। সেই সাথে এদিন মেরি কমের প্রাক্তন স্বামী একেবারে স্পষ্ট বলেন, তিনি ভারতীয় বক্সারের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ কিছুতেই মানবেন না। এর জন্য যা প্রমাণ দিতে হয় তিনি দেবেন।
অবশ্যই পড়ুন: বিশ্বকাপে গ্রুপ পরিবর্তন করতে চেয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ! ICC যা চাইছে..
কে এই হিতেশ চৌধুরী?
ওনলারের দাবি অনুযায়ী, মেরি কম এবং হিতেশ চৌধুরী দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন। যার কারণে তাঁদের সাংসারিক জীবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্সারের প্রাক্তন স্বামীর বক্তব্য, হিতেশের সাথে মেরির সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী ছিল। এদিন নিজের অভিযোগের প্রমাণ দিতে ওনলার মেরি কম এবং হিতেশ চৌধুরীর মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও দেখিয়েছিলেন। কিন্তু কে এই হিতেশ চৌধুরী?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত হিতেশ চৌধুরী একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ক্রিকেট থেকে অবসরের পর বর্তমানে ব্যবসায়িক জীবনে পা রেখেছেন তিনি। জানা যাচ্ছে, হিতেশ এই মুহূর্তে রিয়েল এস্টেট, ক্রীড়া সম্প্রচার সহ অন্যান্য সামাজিক কল্যাণের সাথে জড়িয়ে। শুধু তাই নয়, তিনি নাকি মেরি কম ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। বলাই বাহুল্য, এর আগে মেরি কমের সাথে প্রায়শই বিভিন্ন পাবলিক ইভেন্ট থেকে শুরু করে জিম সেশনে দেখা গিয়েছে চৌধুরীকে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁদের দুজনের একাধিক ছবি।