বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনা ছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে (India Vs New Zealand) হয়তো সুযোগ পাবেন তিনি। শেষ পর্যন্ত, সেটাই হয়েছে। কিউইদের বিরুদ্ধে চলতি সিরিজের অন্তিম লগ্নে টিম ইন্ডিয়ায় ঢুকেই নিজের জাত চেনালেন পাঞ্জাবি বোলার অর্শদীপ সিং। এদিন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কার্যত তালুবন্দি করে নিয়েছিলেন তিনি। ভারতীয় তারকার বলের ঘায়ে ঝড়ের গতিতে উইকেট গিয়েছে নিউজিল্যান্ডের।
প্রসিদ্ধ কৃষ্ণার বদলি হয়ে মাঠে নেমেই ঝড় তুললেন অর্শদীপ
রবিবার, ইন্দোরে টস ভাগ্য ফিরেছিল ভারতের দিকে। তাতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শুভমন গিল। সেই মতোই ব্যাট হাতে তৈরি হয়ে নেমে পড়ে কিউই ব্রিগেড। আজ একেবারে প্রথম থেকেই ভারতীয় দলের লক্ষ্য ছিল গত ম্যাচের ব্যর্থতা কাটিয়ে উইকেট তোলা। কারণ, দ্বিতীয় ওয়ানডেতে শুধুমাত্র টিম ইন্ডিয়ার বোলারদের দুর্বলতার কারণেই নিউজিল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারেনি ভারত। তাই রবিবার বল হাতে একেবারে ঝকঝকে ক্রিকেট দেখালেন টিম ইন্ডিয়া প্লেয়াররা। তাঁদের মধ্যে নজর কেড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণের বদলি হয়ে তৃতীয় ওয়ানডের একাদশে সুযোগ পাওয়া অর্শদীপ।
না বললেই নয়, রবিবার ইন্দোরের মাটিতে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের একেবারে বুঝে নিয়েছিলেন সিং। বলা চলে, বোলিং আক্রমণ দিয়ে কিউইদের কাঁদিয়ে ছেড়েছেন অর্শদীপ! আজ ম্যাচের শুরুতেই ভারতীয় তারকার হাতে বলি হন নিউজিল্যান্ডের ওপেনার হেনরি নিকোলাস। তাতে ম্যাচের শুরুটা একেবারে রাঙিয়ে দিয়েছিল ভারত। এরপর একে একে নিউজিল্যান্ড তারকা গ্লেন ফিলিপসের গুরুত্বপূর্ণ উইকেট ভাঙেন অর্শদীপ। আজ শতরান করে ক্রমশ ভারতের চিন্তার কারণ হয়ে উঠছিলেন ফিলিপস। ঠিক তখনই কিউই তারকার উইকেটে কোপ বসান অর্শদীপ। এছাড়াও আজ 10 ওভারের কোটায় তৃতীয় উইকেট হিসেবে জাকারি ফৌকসকে আউট করেন তিনি। এক কথায়, চলতি সিরিজে সুযোগ পেয়েই টিম ইন্ডিয়ায় ঢুকে একেবারে কামাল দেখালেন অর্শদীপ।
অবশ্যই পড়ুন: উদ্দেশ্য খামেনির পতন! ইরানে হাড় কাঁপানো বিক্ষোভের মাস্টারমাইন্ড কে এই নাজানিন বারাদারান?
উল্লেখ্য, আজ অর্শদীপের সাথে পাল্লা দিয়ে নিউজিল্যান্ডের উইকেট ভেঙেছেন গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হিসেবে পরিচিত হর্ষিত রানাও। এদিন 10 ওভারের কোটায় এই ভারতীয় ক্রিকেটারের হাত দিয়েও তিনটি উইকেট পেয়েছে ভারত। এছাড়াও একটি করে উইকেট তুলেছিলেন মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। বলে রাখি, প্রথম ইনিংসে নির্ধারিত ওভারে 337 রান করেছে নিউজিল্যান্ড। জিততে হলে ভারতকে করতে হবে 338।