‘একাধিকবার চিঠি লিখেছি, পড়েননি মমতা!’ সিঙ্গুর থেকে বিস্ফোরক অভিযোগ মোদীর

Narendra Modi

সৌভিক মুখার্জী, কলকাতা: সামনেই বাংলার বিধানসভা নির্বাচন। তবে তার আগে ফের রাজনৈতিক উত্তেজনা সিঙ্গুরে। সেই জমি আন্দোলনের মাঠে দাঁড়িয়ে এবার রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শিল্প থেকে শুরু করে বিনিয়োগ, কৃষি এবং কেন্দ্রীয় প্রকল্প সবকিছু মিলিয়ে সিঙ্গুরের সভা থেকে তিনি স্পষ্ট বার্তা দিলেন যে, বাংলায় এবার পরিবর্তন দরকার।

শিল্প নিয়ে বড় কথা শোনালেন প্রধানমন্ত্রী

এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সিঙ্গুরের শিল্প ইতিহাস টেনে এনেছেন। টাটা চলে যাওয়ার ঘটনার কথা স্মরণ করিয়ে তিনি স্পষ্ট বলেন, শিল্প বিনিয়োগের জন্য বাংলা সম্ভাবনাময় রাজ্য। তবে দুর্নীতি আর আইন-শৃঙ্খলার অভাবে সেই সম্ভাবনা অনেকটাই আটকে রয়েছে। মোদীর দাবি, বাংলায় যদি বিজেপির ডবল ইঞ্জিন সরকার আসে, তাহলে বিনিয়োগ আসবে এবং কর্মসংস্থান অনেকটাই বাড়বে।

এদিকে প্রধানমন্ত্রী বিশেষভাবে তুলে ধরেছেন বিজেপির ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ প্রকল্পের কথা। তিনি বলেছেন, ধনিয়াখালির শাড়ি, বাংলার জুট শিল্প, হ্যান্ডলুম এবং কুটির শিল্প সবকিছুকেই বিশ্ব বাজারে পৌঁছে দিতে বিজেপি পরিকল্পিতভাবেই কাজ করবে। একই সঙ্গে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে জুট প্যাকেটে জোর দেওয়ার কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি সিঙ্গুরের সভা থেকে বাংলার কৃষি সম্ভাবনার কথাও তুলে ধরেছেন এদিন মোদী। তিনি বলেছেন, আলু, পেঁয়াজ, সবজি সবকিছুই বাংলার উৎপাদনে অন্যতম প্রধান কেন্দ্র। আর আমার স্বপ্ন বিশ্বের বাজারে বাংলার কৃষক এবং মৎস্যজীবীদের উৎপাদন নজর কাড়বে। ফুড প্রসেসিং ইউনিট থেকে শুরু করে কোল্ড স্টোরেজ চেইন এবং আধুনিক পরিকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বিজেপির প্রধানকে অপহরণ করে….! ফেসবুক পোস্ট দেখে উদ্ধার করল খেজুরি থানার পুলিশ

চিঠি লিখে উত্তর পাননি মোদী

তবে তৃণমূল সরকারকে আক্রমণ করতে গিয়ে এদিন বিরাট অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্র একাধিকবার চিঠি পাঠালেও রাজ্য সরকার কোনও রকম সাড়া দেয়নি। মৎস্যজীবীদের জন্য তৈরি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলার নাম নথিভুক্ত না হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমি বারবার চিঠি লিখি। কিন্তু মুখ্যমন্ত্রী তা পড়েন না। উনি না পড়তে পারেন। অফিসারদের অন্তত পড়া উচিৎ।

এদিকে দিল্লি এবং ত্রিপুরার উদাহরণ টেনে এনে মোদী বলেছেন, বিজেপির কেন্দ্রী ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করলে উন্নয়ন অনেকটাই দ্রুত হয়। আর বাংলাতেও সেই মডেল চালু করার জন্য ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন সবটাই নির্ভর করবে আগামী বিধানসভা নির্বাচনের উপর।

Leave a Comment