প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচন শুরু হতে আর বেশি সময় নেই, আগামী কয়েক মাসের মধ্যেই কমিশনের তরফে নির্বাচনের দিন ঘোষণা করা হবে। তাই ভোট প্রচারের প্রস্তুতি বেশ জোর কদমে এগোচ্ছে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মধ্যেই বড়সড় ভাঙনের মুখে পড়ল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, ধূপগুড়ি মহকুমার বিন্নাগুড়িতে (Binnaguri) তৃণমূলের প্রবীণ নেতা উমেশ যাদবের সাথে প্রায় ১৫০টিরও বেশি পরিবার ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম-শিবিরে নাম লেখাল।
বিন্নাগুড়িতে বিজেপির নতুন দলীয় কার্যালয়!
রিপোর্ট মোতাবেক, গত শনিবার, সন্ধ্যায় ধূপগুড়ি মহকুমার বিন্নাগুড়িতে গেরুয়া শিবিরে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। সেখানে বিজেপি নেতাদের ভিড় ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সহ-সভাধিপতি পুনীতা ওরাঁও লাকড়া, প্রবীণ নেতা রামবিলাস গোয়েল, অরুণ কুমার সিং, মণ্ডল সম্পাদক রাহুল ওরাঁও, সন্তোষ মিশ্র, বিজেপি বুথ সভাপতি বিষ্ণু রায়, পঞ্চায়েত সদস্য সুভদ্রা লোহার, মণ্ডল সভাপতি শান্তি মাহাতো, বুবাই নন্দী ওরফে কৌশিক নন্দী, বিনেশ লাকড়া, সুনীল মুন্ডা ও খুশবু মিশ্র প্রমুখ। ওইদিন আলিপুরদুয়ার জেলা সভাধিপতি মিঠু দাস আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন। আর এই অনুষ্ঠানের মাঝেই রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন দেখা যায়।
উত্তরে তৃণমূলে বড় ভাঙন!
জানা গিয়েছে, গত শনিবার, নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানেই প্রবীণ তৃণমূল নেতা উমেশ যাদব তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। শুধু তাই নয় তাঁর সঙ্গে পাপ্পু শর্মা-সহ ১৫০টিরও বেশি পরিবারের সদস্যরা বিজেপিতে যোগ দেন। যদিও এর আগে উমেশ যাদব বিজেপিতে ছিলেন পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এদিকে নির্বাচনের মুখে এবং মুখ্যমন্ত্রীর সফরের মধ্যে শাসকদলের অন্দরে এই ভাঙন বেশ অস্বস্তিতে ফেলেছে শাসকদলকে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। দল বদল নিয়ে উমেশ যাদব জানান, “আমার বিন্নাগুড়ি চলে যাওয়াটা ভাল ছিল না। দলের অগ্রগতির জন্যই ফেরত এসেছি। আমি চাই ছাব্বিশে আমাদেরই সরকার হোক।”
আরও পড়ুন: বন্দে ভারত স্লিপারের টিকিট বাতিল করলে কত টাকা রিফান্ড পাবেন? জানাল রেল
শাসকদলের প্রতিক্রিয়া
দলবদল প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি রাজেশকুমার সিং জানিয়েছেন, “নির্বাচনের আগে এমন খেলা চলে। তৃণমূল একটা বড় পরিবার, পদের লোভে কেউ কেউ দলত্যাগ করেন। উমেশ ভাল নেতা ছিলেন, আমরা চেষ্টা করছি ওকে আবার ফিরিয়ে আনার।” অন্যদিকে উমেশ যাদবের বিজেপিতে যোগদানের ব্যাপারে বিজেপি নেত্রী মিঠু দাস সরাসরি শাসকদলকে আক্রমণ শানিয়ে বলেন, “বিন্নাগুড়ির এই ছবিই বলে দিচ্ছে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। মানুষ এখন দুর্নীতির বদলে উন্নয়নের সরকার চাইছে।”