কাশ্মীরে সন্ত্রাসীদের সাথে ভয়াবহ গুলির লড়াই সেনার, গুরুতর আহত ৮ জওয়ান

Jammu And Kashmir Operation

সৌভিক মুখার্জী, কলকাতা: জম্মু-কাশ্মীরের চেনাব উপত্যকার কিশতওয়ার জেলায় দুর্গম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে আহত হল অন্তত ৮ জন জওয়ান (Jammu And Kashmir Operation)। রবিবার দুপুরবেলা এই গুলির লড়াই শুরু হয় বলেই জানিয়েছে নিরাপত্তা দফতর। সূত্রেরখবর, কয়েক ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে টানা গুলির লড়াই চলে, আর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়ন করা হয় এবং গোটা এলাকা ঘিরে ফেলা হয়।

ভারতীয় সেনার ‘অপারেশন ত্রাশি-১’

সেনাদের তরফ থেকে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ত্রাশি-১’। জম্মুভিত্তিক সেনার হোয়াইটনাইট কোরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, চাত্রু এলাকার উত্তর-পূর্বে সন্নার অঞ্চলে যৌথ তল্লাশি অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে প্রথমে সংঘর্ষ হয়েছিল। আর এই অভিযানে সেনাদের পাশাপাশি জম্মু-কাশ্মীর পুলিশও অংশ নেয়। এদিকে হোয়াইটনাইট কোর এক্স হ্যান্ডেলে জানিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেনারা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

নিরাপত্তা দফতর সূত্রে খবর, সেনাবাহিনীর একটি বৃহৎ অংশ দুই থেকে তিনজন বিদেশি জঙ্গির মুখোমুখি হয়েছিল। আর তারা পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য বলেই সন্দেহ দানা বাধছে। এদিকে জঙ্গিরা আচমকা গুলি চালানোর পাশাপাশি কয়েকটা বোমাও ছোঁড়ে বলে অভিযোগ। বোমা বিস্ফোরণের ফলে অধিকাংশ সেনা জখম বলে জানা গিয়েছে। আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং সকলেই বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: মমতার উত্তরবঙ্গ সফরের মাঝেই তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ ১৫০ পরিবারের

প্রসঙ্গত, বর্তমানে জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। পাশাপাশি সেনা, সিআরপিএফ এবং পুলিশের যৌথ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে আর অভিযানে আধুনিক নজরদারি সরঞ্জাম, ড্রোন এবং প্রশিক্ষিত স্নিফার ডগ ব্যবহার করা হচ্ছে। উল্লেখ করার বিষয়, চলতি বছরে জম্মু অঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে এটি তৃতীয় বড় সংঘর্ষ। এর আগে ৭ এবং ১৩ জানুয়ারি কাঠুয়া জেলার বিলাওয়ার এলাকার কাহোগ ও নাজোট জঙ্গলেও এনকাউন্টার হয়েছিল বলে খবর।

Leave a Comment