প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবশেষে অবসান। ৩৬টি রাজ্যের মধ্যে ৩০টি-তে রাজ্য সভাপতি নির্বাচনের পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়ায় উঠে এল নিতিন নবীনের (Nitin Nabin) নাম। আজ অর্থাৎ সোমবার দুপুর ২টো থেকে ৪টে-র মধ্যে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু সর্বভারতীয় সভাপতি পদের জন্য নিতিন নবীন ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। তাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন।
বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন
ভারতীয় জনতা পার্টির নতুন জাতীয় সভাপতির মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার কিছুক্ষণ পরেই বড় আপডেট পাওয়া গিয়েছে। বিজেপির সংগঠনের জাতীয় নির্বাচন কর্মকর্তা ডঃ কে. লক্ষ্মণের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিজেপির জাতীয় সভাপতি পদের জন্য নিতিন নবীনকে একমাত্র প্রস্তাবিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে নিতিন নবীনের পক্ষে ৩৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জিতেছেন। আগামীকাল, ২০ জানুয়ারি, মঙ্গলবার, আনুষ্ঠানিকভাবে তাঁর নাম জাতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হবে।
भाजपा संगठन पर्व के राष्ट्रीय चुनाव अधिकारी डॉ. के. लक्ष्मण का प्रेस वक्तव्य।
भारतीय जनता पार्टी के संगठन पर्व के अंतर्गत राष्ट्रीय अध्यक्ष के नामांकन की संवैधानिक और पारदर्शी प्रक्रिया पूर्ण हुई।
36 में से 30 राज्यों में संगठनात्मक चुनावों के बाद तय प्रक्रिया के अनुसार… pic.twitter.com/wojHtbbBgB
— BJP (@BJP4India) January 19, 2026
আগামীকাল হবে আনুষ্ঠানিক ঘোষণা
দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ হিসেবে নিতিন নবীনের মনোনয়নের প্রস্তাবক হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা। পাশাপাশি, জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরতে দেশের সমস্ত রাজ্য থেকে তাঁর মনোনয়নের জন্য সমর্থন সংগ্রহ করা হয়েছিল। অবশেষে পরিকল্পনা অনুযায়ী আগামীকাল, ২০ জানুয়ারি বিজেপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে নিতিন নবীনকে সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি এবং জাতীয় স্তরের পদাধিকারীরাও অনুষ্ঠানে যোগ দেবেন।
আরও পড়ুন: শীত বিদায়! এবার চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা, আগামীকালের আবহাওয়া
কীভাবে হয় বিজেপির সভাপতি নির্বাচন?
বিজেপির সংবিধান অনুযায়ী, সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য কমপক্ষে পাঁচটি রাজ্য থেকে প্রস্তাব আসা বাধ্যতামূলক এবং প্রতিটি সেটে ২০ জন করে প্রস্তাবক থাকতে হয়। তবে এই নির্বাচনে দলীয় নেতৃত্ব সমস্ত রাজ্য থেকেই প্রস্তাব সংগ্রহ করেছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় জনতা পার্টির নতুন জাতীয় সভাপতি হিসেবে উঠে এল নীতিন নবীনের নাম। প্রসঙ্গত, নীতিশ কুমারের নেতৃত্বাধীন NDA সরকারে নবীন সড়ক নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু পরে বিজেপির কার্যকরী সভাপতি নিযুক্ত হওয়ার পর তিনি পদত্যাগ করেন। তাই বলা বাহুল্য বিজেপির জোট বজায় রাখার ক্ষেত্রে নীতিন নবীনের ভূমিকা অনস্বীকার্য।