সৌভিক মুখার্জী, কলকাতা: ইন্টারনেট দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন ট্রেন্ড আসে। আবার চোখের পলকেও তা হারিয়ে যায়। তবে কিছু কিছু ট্রেন্ড এমন হয়ে ওঠে, যেগুলি কোনও স্পষ্ট অর্থ না থাকলেও সেগুলি সবথেকে বেশি ভাইরাল হয়। ঠিক তেমনই একটি উদাহরণ হল ‘৬৭’ মিম (67 Meme)। আসলে এটি দেখতে সাধারণ একটি সংখ্যা হলেও সম্প্রতি ইন্সটাগ্রাম, এক্স হ্যান্ডেল বা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশনে সংখ্যাটি নিয়ে এতটা ছড়িয়ে পড়েছে যে অনেকেই ভাবতে শুরু করেছে, এর পেছনে কি কোনও গোপন অর্থ রয়েছে?
কোথা থেকে আসলো এই ‘৬৭’ মিম?
মজার বিষয়, ৬৭ মিমের কোনও রকম নির্দিষ্ট উৎস নেই। এটি কোনও সিনেমা, গান, সেলিব্রিটি বা বড় ঘটনার সঙ্গেও যুক্ত নয়য়, বরং হঠাৎ করেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষ নানা পোস্টের নিচে কোনও ব্যাখ্যা ছাড়াই শুধুমাত্র ৬৭ লিখতে শুরু করেছে। প্রথমে বিষয়টি অনেকের চোখে পরে। তারপর ধীরে ধীরে অন্যরাও একই কাজ করতে শুরু করে। তবে কেন করছে তাও অনেকে জানে না। আর এভাবেই ৬৭ একটি অর্থহীন ট্রেন্ডে পরিণত হয়েছে।
আসলে এই ৬৭-র মানে কী?
সবথেকে চমক দেওয়া ব্যাপার, ৬৭-র কোনও নির্দিষ্ট মানে নেই। আর ঠিক এই অর্থহীনতাই এর জনপ্রিয়তার মূল কারণ। অনেকে এটাকে ইচ্ছাকৃতভাবে এমন এমন জায়গায় ব্যবহার করছে যেখানে সংখ্যাটির কোনও মানেই হয় না। ফলত ব্যঙ্গ, বিদ্রূপ এবং ইনসাইট জোকস তৈরি হচ্ছে। আর যারা এই ট্রেন্ড বোঝেন না, তারা প্রশ্ন করছে এর মানে কী? এমনকি সেই প্রশ্নই আবার মিমটিকে আরও ছড়িয়ে দিচ্ছে।
আরও পড়ুন: রিলসের নেশায় সহযাত্রীকে ইভটিজার বানানোর চেষ্টা যুবতীর! অপমানে আত্মঘাতী নিরীহ ব্যক্তি
ইন্টারনেট সাধারণত এমন কনটেন্ট পছন্দ করে যা সহজ, ব্যাখ্যাহীন বা মজাদার। আর ৬৭ এই বিষয়গুলিকে একসঙ্গেই পূরণ করছে। কারণ, একই সংখ্যা বারবার দেখতে দেখতে মানুষের কৌতূহল বাড়ছে। কেউ কেউ আবার নিজের মতো করে এর মানে বানিয়ে নিচ্ছে। কেউ বলছে, এটি কোনও গোপন কোড। আবার কেউ বলছে এটি মজা। তবে বাস্তবে এই ব্যাখ্যার অভাবেই ৬৭ মিমটি জনপ্রিয় হয়ে উঠছে।