সহেলি মিত্র, কলকাতাঃ একাধিক পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে বাংলার তাপমাত্রা উর্ধ্বমুখী। আবার ফের কবে পারদ পতন হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। ইতিমধ্যে রোদের প্রকোপও বেশ খানিকটা বেড়েছে। দুপুরের দিকে রোদ গায়ে ফুটছে। যাইহোক, এহেন আবহাওয়ার পরিবর্তনে অনেকেরই মন খারাপ। হাওয়া অফিসের মতে, পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার কারণে আজ মঙ্গলবার থেকে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (Weather Today) বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে সাথে বাড়বে দিনের রোদের তাপ। যদিও রাতের দিকে শীতের আমেজ অনুভব হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আগামী কয়েক ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা বাড়তে শুরু করবে। আজ মঙ্গলবারের পর আরও ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আজ পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, বীরভূম জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ পড়াশোনার জন্য ৩০ হাজার, কর্মক্ষমতা হারালে ২ লাখ! দারুণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের
কুয়াশা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। সকালের দিকে কুয়াশা বেশি থাকবে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে ব্রেক লেগেছে বাংলার নিম্নমুখী তাপমাত্রাতেও। অতএব, আসন্ন সরস্বতী পুজোর সময় কলকাতাবাসী গত সপ্তাহ পর্যন্ত যে ঠান্ডা আবহাওয়া ছিল তা মিস করবেন। জানুয়ারি মাসের শেষের দিকে এবং ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকটাতে করে ঠান্ডা আবার কিছুটা তীব্রতা পেতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, জলপাইগুড়ি জেলায় শীতের অনুভূতি থাকবে। তাপমাত্রা থাকতে পারে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে।