জেলাভিত্তিক প্রাথমিক শিক্ষকদের ইন্টারভিউর দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি পর্ষদের

WBBPE

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে ঘুচতে চলেছে অপেক্ষা। ইংরেজির পর এবার বাংলা মাধ্যমের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে দ্বিতীয় দফায় ইন্টারভিউর দিন ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ আগামী ২৭ জানুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হবে বলে জানানো হয়েছে।

জেলা অনুযায়ী হবে বাংলা মাধ্যমের ইন্টারভিউ

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, জেলা অনুযায়ী বাংলা মাধ্যমের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে। সেক্ষেত্রে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি কলকাতা থেকে আবেদন করা প্রার্থীদের ইন্টারভিউ হবে। ২৮ ও ২৯ জানুয়ারি ঝাড়গ্রাম জেলার প্রার্থীদের এবং ২৯ ও ৩০ জানুয়ারি জলপাইগুড়ি থেকে আবেদন করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ধাপে ধাপে সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই গোটা ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে দ্রুত প্যানেল প্রকাশ করার লক্ষ্য নিয়েছে পর্ষদ। সমস্ত জেলার প্রার্থীদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট একটি নির্দিষ্ট স্থানেই অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে প্রার্থীদের সল্টলেকের করুণাময়ীর কাছে অবস্থিত পর্ষদের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে হবে।

কোন কোন নথি জরুরি?

বিজ্ঞপ্তিতে, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে ইন্টারভিউয়ের দিন চাকরিপ্রার্থীদের কোন কোন নথি সঙ্গে নিয়ে আনতে হবে, তার জন্য ১৭ দফার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। যার মধ্যে ব্যক্তিগত প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, জাতিগত শংসাপত্র অন্যতম। এছাড়াও বলা হয়েছে নির্ধারিত সমস্ত ডকুমেন্ট সঙ্গে না থাকলে ইন্টারভিউয়ে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কোনও প্রার্থীর তথ্য যাচাই করার পরে যদি দেখা যায়, তথ্য বা নথিতে গরমিল রয়েছে, তা হলে পর্ষদ ওই প্রার্থীর ইন্টারভিউ বাতিল করতে পারবে। এছাড়াও প্রার্থীরা তাদের কল লেটার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুন: ফের ইউটার্ন মারবে শীত! ২৪ ঘণ্টায় বদলে যাবে দক্ষিণবঙ্গের আকাশ, আজকের আবহাওয়া

প্রসঙ্গত, বাংলা মাধ্যমে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য বর্তমানে ১৩ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। তাই স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অপেক্ষা অপেক্ষা করতে হয়েছিল প্রার্থীদের। তাই সেক্ষেত্রে এই ইন্টারভিউয়ের খবর চাকরিপ্রার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে গত ডিসেম্বরে ইংরেজি মাধ্যমের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার টার্গেট আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পর্ষদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা।

Leave a Comment