প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন শুরু আগে রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর শুনানির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। স্থানীয়দের ক্ষোভের আগুনে জ্বলছে মুর্শিদাবাদের ফরাক্কা, উত্তর দিনাজপুরের চাকুলিয়া, লালবাগ, দুর্গাপুরে SDO দফতর। অফিসে ঢুকে রীতিমত জ্বালিয়ে দেওয়া হচ্ছে সরকারি নথি, জেলায় জেলায় বিশৃঙ্খলা যেন মহামারির রূপ নিচ্ছে। এমতাবস্থায় SIR সংক্রান্ত অশান্তি নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা পাঠানো হল।
বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের আইনজীবী SIR অশান্তি ঘিরে রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, আইনি বিশৃঙ্খলায় কমিশন রাজ্য সরকারের কাছ থেকে কোনও সহযোগিতা পাচ্ছেনা। তাই তাঁদের আর্জি, “SIR শুনানির সময় কোনো রাজনৈতিক দল যেন হস্তক্ষেপ না করে, আমরা কোনও রকম রাজনৈতিক এবং সামাজিক হিংসা চাই না।” আর তাতেই সুপ্রিম কোর্ট, রাজ্য ও কেন্দ্র সরকারকে আইনশৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দেয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় শুনানিকেন্দ্রে পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েনের বিষয়ে জেলাশাসকদের নিশ্চিত করতে হবে। DGP-কেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব নিতে হবে।
অশান্তির আবহ রাজ্য জুড়ে
প্রায়শই অভিযোগ উঠে আসছে সব তথ্য দেওয়ার পরেও ছোট ছোট কারণে সাধারণদের ডেকে অহেতুক বিড়ম্বনায় ফেলা হচ্ছে। নামের বানান ভুল থেকে এক ব্যক্তিকে কেন চার–পাঁচ বা ছ’জন বাবা হিসেবে দেখিয়েছেন, এই প্রশ্ন তুলে শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তে অবরোধ-বিক্ষোভ ভাঙচুর ক্রমাগত হয়েই চলেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের বিভিন্ন সম্পদ। এমনকি বিক্ষোভের মুখে পড়ছেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আর তাতে এবার বড় নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
আরও পড়ুন: দেশে প্রথম! নাগরিকত্বের প্রমাণ দিতে যা করলেন মালদার যুবক, চক্ষু চড়কগাছ সবার
প্রসঙ্গত, গতকাল, SIR শুনানি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এলাকা। সকাল থেকেই বাসন্তী থানার অন্তর্গত ভাঙনখালি এলাকায় হাইওয়ের ওপর টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামবাসীরা। ভোগান্তির শিকার হয়েছিলেন নিত্যযাত্রীরা। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে SIR পর্বেই যদি পরিস্থিতি এমন হয়, তাহলে ভোটের সময় কী হবে? রাজ্যের এহেন অবস্থা দেখে আতঙ্কিত সাধারণ মানুষ।