কলকাতা ডার্বি দিয়েই শুরু ISL! প্রথম দিন কোথায় মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

ISL Kolkata Derby Mohun Bagan may face East Bengal in first ISL match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু কষ্টে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জট কেটেছে। এবারের মতো নিজ দায়িত্বে ISL আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যদিও সেটা হবে সংক্ষিপ্ত ফরম্যাটে। ইতিমধ্যেই ইন্ডিয়ান সুপার লিগ সংক্ষিপ্ত সংস্করণে আয়োজন করার স্বীকৃতি দিয়ে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। সবমিলিয়ে বলাই যায়, ISL হচ্ছে। তবে দীর্ঘ জল্পনা কাটিয়ে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগের শুরুটা যদি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি (ISL Kolkata Derby) দিয়ে হয় তাহলে কেমন লাগবে? শোনা যাচ্ছে, ISL এর উদ্বোধন ম্যাচ কলকাতা ডার্বি করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে জোর কদমে।

ISL এর প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

কলকাতা ডার্বি মানে সে এক আলাদা অনুভূতি। ম্যাচের কয়েক সপ্তাহ আগে থেকে উত্তেজনায় ভরপুর থাকেন সমর্থকরা। দল বেঁধে প্রিয় দলের ম্যাচ দেখতে যাওয়া থেকে শুরু করে গ্যালারি থেকে গলা ফাটিয়ে সমর্থন, সবটাই দেখা যায় ডার্বিকে কেন্দ্র করে। ফলে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL এর শুরুটা যদি শহরের দুই ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে নিয়ে করা যায় তাহলে মন্দ হয় না। সূত্রের খবর, দীর্ঘ জটলা কাটিয়ে ISL এর শুরুটা একেবারে উত্তেজনাপূর্ণ ম্যাচ দিয়ে করার ভাবনা চলছে।

শোনা যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচ কলকাতা ডার্বি করা যায় কিনা তা নিয়ে বিগত দিনগুলিতে জোর কদমে চলছে আলোচনা। সব ঠিক থাকলে, আগামী 14 ফেব্রুয়ারি ভালবাসা দিবসের দিন ISL এর উদ্বোধন হতে পারে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের কলকাতা ডার্বি দিয়ে। যদিও এ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা ক্রীড়া মন্ত্রকের তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপের আগে ভারতীয় ব্যাটারের বিরুদ্ধে দায়ের FIR, বাদ যাবে দল থেকে?

শেষ পর্যন্ত কি আদৌ ISL এর শুরুটা ডার্বি দিয়ে করা যাবে?

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগামী 14 তারিখ থেকে যে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেই মতোই, দ্রুত ISL ম্যাচের সূচি প্রকাশ করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে তার আগে জনপ্রিয় টুর্নামেন্টের শুরুটা কাদের ম্যাচ দিয়ে হবে তা নিয়েই বর্তমানে চিন্তিত সকলে। ক্রীড়া মহলের অনেকেরই দাবি, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যেহেতু ইতিমধ্যেই যুবভারতীকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে দেখিয়েছে সেক্ষেত্রে ফেডারেশন চাইলেই যুবভারতীতে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচ আয়োজন করে দিতেই পারে। তবে একটা অংশের বক্তব্য, কিছুদিন আগেই লিওনেল মেসির আগমনে যুবভারতীতে যে তাণ্ডব চলল, তার পর গোটা স্টেডিয়ামের মেরামত করে পুনরায় সেখানে 14 তারিখেই ম্যাচ আয়োজন করা যাবে কিনা সেটা কিছুটা হলেও সংশয়ের।

Leave a Comment