সৌভিক মুখার্জী, কলকাতা: সহানুভূতি দেখিয়ে দেওয়া ভিক্ষাই যে কাউকে কোটিপতি করে তুলতে পারে তা হয়তো কেউ কখনও কল্পনা করেনি। মধ্যপ্রদেশের ইন্দোরে সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। আসলে ইন্দোরের বিখ্যাত সরাফা বাজারে বছরের পর বছর ধরে কাঠের স্লাইডিং কার্টে ভর করে ভিক্ষা করতে দেখা যেত এক প্রতিবন্ধী ব্যক্তিকে (Madhya Pradesh Beggar)। পিঠে ঝোলা, হাতে জুতো দেখলেই সকালের মন যেন কেঁপে উঠত সকলের। আর মানুষ স্বাভাবিকভাবে সহানুভূতি থেকেই তাঁকে টাকা দিত। তবে সেই অসহায় ভিখারি একদিন হয়ে উঠলেন কোটিপতি।
কে এই ভিখারি?
জানা গিয়েছে, এই ব্যক্তির নাম মঙ্গল লাল। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পূর্ণ অসহায় এবং উপার্জনহীন বলে সরাফা বাজারে ভিক্ষা করছেন। তবে তিনি কখনও জোর করতেন না, এবং উচ্চস্বরেও কিছু বলতেন না। বরং, চুপচাপ মানুষের সামনে গিয়ে দাঁড়াতেন। তাঁর শারীরিক প্রতিবন্ধকতা দেখেই মানুষ নিজে থেকে তাঁকে টাকা দিত। তবে এই পরিচিত দৃশ্যই হঠাৎ করে সন্দেহের জন্ম দেয়।
প্রশাসনের অভিযানে ফাঁস হল আসল তথ্য
সূত্রের খবর, নারী এবং শিশু উন্নয়ন দফতরের রেসকিউ টিম বারবার অভিযোগ পাওয়ার পর সরাফা বাজারে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে মঙ্গললালকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। সেখানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, সরকার এবং রেড ক্রস সোসাইটির সহায়তায় আগে তিনি ১ বিএইচকে বাড়ি পেয়েছিলেন। এমনকি আলওয়াস এলাকায় একটি আশ্রমেও থেকেছেন তিনি। তবুও ভিক্ষা করেই দিন চালাচ্ছেন।
আরও পড়ুন: জুন থেকে বাড়তে পারে রিচার্জ প্ল্যানের দাম, এবার কতটা?
সবথেকে বড় ব্যাপার, রেসকিউ টিমের তদন্তে উঠে আসে, মঙ্গললালের মালিকানায় রয়েছে ভগৎ সিং নগরে ১৬×৪৫ ফুটের একটি তিনতলা পাকা বাড়ি, শিবনগর এলাকায় প্রায় ৬০০ বর্গফুটের একটি কংক্রিটের বাড়ি এবং আলওয়াস এলাকায় ১০×২০ ফুটের একটি ১ বিএইচকে বাড়ি রয়েছে তাঁর। আর বর্তমান বাজারদরে এই সম্পত্তির মূল্য প্রায় এক কোটি টাকা। এমনকি শুধু বাড়ি নয়, বরং মঙ্গল লালের সম্পত্তির তালিকা দেখলে ভিমড়ি খাবেন আপনিও। তাঁর মালিকানায় রয়েছে তিনটি অটো রিক্সা যেগুলি ভাড়ায় চলে। পাশাপাশি একটি ডিজায়ার চারচাকা গাড়ি রয়েছে, যেটিও তিনি ভাড়ায় দেন। অর্থাৎ, নিয়মিত ভাড়া থেকেই তাঁর আলাদা উপার্জন রয়েছে। এমনকি তিনি সুদেও টাকা খাটান বলে রিপোর্টে উঠে এসেছে।