নির্দিষ্ট অংকে নেওয়া হবে না ফাইন, বিমার উপরেই জরিমানা! ইন্স্যুরেন্স বিহীন গাড়ির ইতি টানতে বড় পদক্ষেপ কেন্দ্রের

সৌভিক মুখার্জী, কলকাতা: বদলে গেল গাড়ির জরিমানার নিয়ম। এবার নির্দিষ্ট অংকে নেওয়া হবে না জরিমানা। গাড়িতে বিমা না থাকলে জরিমানার পরিমাণ নির্ধারণ করা হবে বিমার প্রিমিয়ামের ভিত্তিতে (Car Insurance Rules)। রাস্তায় ইন্সুরেন্স বিহীন গাড়ির সংখ্যা দিনের পর দিন বেড়ে যাওয়ার কারণে এবার বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। চলতি মোটর ভেহিকেল আইনে সংশোধন এনে এবার এই নতুন নিয়ম কার্যকর করার প্রস্তুতি শুরু হয়েছে। কী কী বদল আসছে তা বিশদে জানুন এই প্রতিবেদনে।

কেন জরুরী এই বদল?

আসলে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের রাস্তায় এমন বহু গাড়ি চলছে, যেগুলোর কোনও রকম ইন্সুরেন্স নেই। বিশেষ করে দুই চাকার গাড়ির ক্ষেত্রে এই প্রবণতা সবথেকে বেশি। শুধু তাই নয়, পণ্যবাহী লড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বেসরকারি বাসও এখন মেয়াদ উত্তীর্ণ বিমা নিয়ে রাস্তায় চলছে। আর এর ফলে দুর্ঘটনা ঘটলে সবথেকে বেশি সমস্যায় পড়ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা নিহতদের পরিবার। কারণ, বিমা না থাকায় তারা ক্ষতিপূরণ পাওয়ার অধিকার থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হচ্ছে। সেই কারণেই এই পদক্ষেপ।

বলে দিই, বর্তমান মোটর ভেহিকেলস আইনে রেজিস্ট্রেশন বা পারমিট না থাকলে পুলিশ সেই গাড়ি আটক করতে পারে। কিন্তু বিমা না থাকলে গাড়ি আটক করার ক্ষমতা পুলিশের হাতে নেই। আর শুধুমাত্র নির্দিষ্ট অংকের জরিমানা করা যায় সেই ক্ষেত্রে। সবথেকে বড় সমস্যা, একই অপরাধ বারবার করলেও জরিমানার অংক বাড়ে না, বরং এই সুযোগে বহু গাড়ির মালিক নিয়ম ভেঙে চলছে বলেই অভিযোগ করছে পুলিশ।

বড়সড় প্রস্তাব রোড সেফটি কাউন্সিলের

এদিকে এই সমস্যার সমাধান করতে রোড সেফটি কাউন্সিলের বৈঠকে পুলিশের তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব তোলা হয়েছে। আর সেই অনুযায়ী, বিমা না থাকলে জরিমানার অংক নির্ধারণ করা হবে শেষবার গাড়িটির বিমা করতে যে পরিমাণ প্রিমিয়াম ধার্য করা হয়েছিল তার ভিত্তিতেই। পাশাপাশি একই অপরাধ একাধিকবার ঘটলে জরিমানা দুই থেকে তিনগুণ পর্যন্ত বাড়ানো হতে পারে।

এদিকে এই প্রস্তাব ইতিমধ্যেই কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের কাছে পৌঁছেছে। এরপর সমস্ত রাজ্যের মতামত চাওয়া হলে বেশিরভাগ রাজ্যই এই পরিবর্তনে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে বলে খবর। ফলত, নতুন আইনে ফিক্সড ফাইনের ধারণা উঠে যাবে, এবং জরিমানা হবে সম্পূর্ণ বিমার প্রিমিয়ামের উপরেই। সবথেকে বড় বিষয়, বিমা বিহীন গাড়ি সরাসরি আটক করার ক্ষমতা এবার দেওয়া হতে পারে। তবে সেটা এখনও বিবেচনাধীন। ফলে যেমন জরিমানার অংক বাড়বে, তার পাশাপাশি বিমা ছাড়া গাড়ি চালানোর প্রবণতা যে কমবে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment