প্রীতি পোদ্দার, কলকাতা: আর কয়েক মাস পরেই ২৬ এর বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। তাই ভোট প্রচারে কোন খামতি না রেখেই একের পর এক জনসভা করেই চলেছে রাজনৈতিক দলগুলি। আর এই ব্যস্ততার মাঝেই দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়লেন খড়গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। মঙ্গলবার, বারাণসীর ঘাটে ২১ বছর বয়সী ঋত্বিকা গিরির সঙ্গে বিয়ের ছবি সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক এবং বিনোদন জগতে। নেটিজেনদের মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছে কে ঋত্বিকা গিরি?
কে এই ঋত্বিকা গিরি?
উল্লেখ্য, অনেকদিন ধরেই হিরণ চট্টোপাধ্যায়ের জীবনে নতুন অধ্যায় শুরুর গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে এই গুঞ্জনে সিলমোহর দিলেন তিনি নিজেই। বেনারসে গিয়ে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ। পাত্রীর নাম ঋত্বিকা গিরি। পেশায় মডেল তিনি। রিপোর্ট অনুযায়ী, তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরে। ২০১৯ এবং ২০২২ সালে দুটি সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন তিনি। তবে শুধু মডেলিং করেন না, পড়াশোনা ও খেলাধুলাতেও ঋত্বিকার সাফল্যের জুড়ি মেলা ভার। জানা গিয়েছে, সে আইনের ছাত্রীর পাশাপাশি যোগব্যায়ামে জাতীয় স্তরে গোল্ড মেডেল জিতেছেন।
একসময় ছিলেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট!
টিভি ৯ বাংলার রিপোর্ট মোতাবেক, ঋত্বিকা গিরি সমাজমাধ্যমে বেশ পরিচিত মুখ হলেও মডেলিংয়ের পাশাপাশি তিনি নাকি হিরণ চট্টোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করতেন। আর সেখান থেকেই এক অপরকে মন দেওয়া নেওয়া শুরু। তাই এককথায় বলা যায়, কাজের সূত্রেই তাঁদের আলাপ, যা শেষ পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে। বেনারসের ঘাটে তাঁদের বিয়ের মুহূর্ত যেন ঠিক সিনেমার দৃশ্যের মতো, গঙ্গার শান্ত জল, ভক্তিময় পরিবেশ, আর দু’জনের চোখে ভবিষ্যতের স্বপ্ন। এই বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই হৃতিকা গিরি এখন নেটদুনিয়ার নতুন চর্চার কেন্দ্রবিন্দু।
আরও পড়ুন: ভোটের আগেই বড় জয় শুভেন্দুর! বিশেষ নির্দেশ কলকাতা হাইকোর্টের
প্রসঙ্গত হিরন চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে একাধিক সমালোচনা শুরু হয়েছে। তাঁর প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন, ২০০০ সালে তাদের বিয়ে হয়েছে গত বছর ২৫ বছর পূর্ণ হয়েছে। কিন্তু আইনত কোনও ডিভোর্স হয়নি এবং ডিভোর্সের মামলাও চলছে না। সেক্ষেত্রে প্রথম স্ত্রী থাকতে আইন অনুযায়ী কি করে হিরণ আরেকবার বিয়ে করেন? এমনকি এও শোনা গিয়েছে, হিরণের প্রথম পক্ষের ১৯ বছরের একটা মেয়ে রয়েছে। যদিও এই প্রসঙ্গে গেরুয়া শিবিরের তরফে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।