SIR-ধুন্ধুমার নিয়ে মমতাকে নিশানা কমিশনের, সুপ্রিম কোর্টে জমা পড়ল হলফনামা

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি রাজনৈতিক শিবিরে। সমস্ত তথ্য তুলে ধরার পরেও SIR এর শুনানিতে ডাকছে কমিশন, আর তার জেরে ব্যাপক অসুবিধার মুখে পড়েছে সাধারণ জনগণ। যদিও শুরু থেকেই নির্বাচন কমিশনকে দায়ী করে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে এবার সরাসরি অভিযোগের আঙুল তুলল নির্বাচন কমিশন। অভিযোগ, পশ্চিমবঙ্গে বিএলও-সহ নির্বাচনী আধিকারিকেরা যে হামলা, হুমকির মুখে পড়ছেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘উস্কানিমূলক’ মন্তব্যই দায়ী।

সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের

সম্প্রতি SIR-এর শুনানিকে কেন্দ্র করে স্থানীয়দের ক্ষোভের আগুনে জ্বলছে মুর্শিদাবাদের ফরাক্কা, উত্তর দিনাজপুরের চাকুলিয়া, লালবাগ, দুর্গাপুরে SDO দফতর। অফিসে ঢুকে রীতিমত জ্বালিয়ে দেওয়া হচ্ছে সরকারি নথি, মারধর করা হচ্ছে BLO-দেরকেও। আর এই সমস্ত ঘটনায় কমিশনের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে শাসকদল। কিন্তু এবার গর্জে উঠল কমিশন। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী একের পর এক অভিযোগের মোক্ষম জবাব দিতে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হল কমিশনের তরফে। সেখানে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৪ জানুয়ারি সাংবাদিক বৈঠক করে আতঙ্ক তৈরি করেছেন। SIR নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এমনকি নির্বাচনী আধিকারিকদের নিশানা করে প্রকাশ্যে হুমকি দিয়েছেন।

মমতাকেই দায়ী করলেন কমিশন

সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় নির্বাচন কমিশনের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর বিবৃতিতে প্রকাশ্যে এক জন মাইক্রো অবজার্ভার বা পর্যবেক্ষককে নির্দিষ্ট ভাবে চিহ্নিত করে তাঁকে নিশানা করেন। যার ফলে এর আগে রাজ্য সরকার যে ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিল, এই মন্তব্য সম্পূর্ণ বিপরীত কাজ করছে। তাঁরা আরও দাবি করেন যে, মমতার ওই বক্তব্যের দিনই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক ফরাক্কা বিধানসভায় নিযুক্ত ন’জন পর্যবেক্ষকের থেকে নিরাপত্তার অভাবের জন্য দায়িত্ব থেকে সরে আসার পত্র দিয়েছে। আর এই অভিযোগের ফলে অবাধ, নিরপেক্ষ ভোটার তালিকা সংশোধনের জন্য কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, নির্বাচনী আধিকারিকদের নিরাপত্তা, নিরপেক্ষতা, স্বাধীনতাও প্রশ্নের মুখে পড়ছে।

আরও পড়ুন: স্ত্রী-সন্তানকে রেখেই গোপনে দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেতা হিরণ, পাত্রী কে এই ঋত্বিকা গিরি?

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ মঙ্গলবার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার ধুবুলিয়ার সভায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে SIR এর শুনানিতে সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে, তার দায় নির্বাচন কমিশনের নয় বরং রাজ্য সরকারের। তিনি আরও জানিয়েছেন যে, “ SIR প্রক্রিয়ায় কিছু কিছু হিন্দু লোকজন, সাধারণ মানুষ, ভারতীয়দের অসুবিধা হচ্ছে। তাঁদের হিয়ারিংয়ের নোটিস হচ্ছে। এর জন্য দায়ী কে? আমি বলব, ইলেকশন কমিশন নয়, এর জন্য দায়ী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল প্রশাসন।” এবার এই একই সুর শোনা গেল নির্বাচন কমিশনের হলফনামাতেও।

Leave a Comment