‘বকেয়া DA মামলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সব পথ বন্ধ হয়ে গিয়েছে’

Bengal DA Case

সহেলি মিত্র, কলকাতাঃ জানুয়ারি মাস শেষ হওয়ার আগে ডিএ মামলা (Bengal DA Case) নিয়ে ফের বিরাট হুঁশিয়ারি দিলেন সরকারি কর্মীরা। এবারেও সেই তাঁদের নিশানায় পশ্চিমবঙ্গ সরকার। সেইসঙ্গে এবার সরকারের বিরুদ্ধে কর্মচারীদের সংগঠন যে দাবি করেছে তা সরকারের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ‘পঞ্চম বেতন পে কমিশনের আওতায় থাকা বকেয়া ডিএ (DA) মামলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সব পথ বন্ধ হয়ে গিয়েছে’ ঠিক এমনই বয়ান দিয়ে সবাইকে চমকে দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

DA নিয়ে বিরাট হুঁশিয়ারি

বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন বাংলার ডিএ মামলা। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শেষ এই মামলার শুনানি হয়েছিল, এখন রায়দানের পালা। তবে মাসের পর মাস, এমনকি নতুন বছর ২০২৬ সাল পড়ে গেলেও শীর্ষ আদালত এই বিষয়ে কোনও চূড়ান্ত রায়দান করেনি। কবে করবে? এখন সেই প্রশ্ন সকলের মুখে মুখে। তবে মলয় মুখোপাধ্যায় যে আত্মবিশ্বাসের সুরে কিছু কথা বলেছেন তা সরকারের জন্য মোটেও ভালো নয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। মলয় মুখোপাধ্যায় উত্তর দিনাজপুরের জেলা সম্মেলনের মঞ্চ থেকে দাবি করেছেন, তাঁদের আইনজীবী বলেছেন যে ‘পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলায় সরকারের রাস্তা বন্ধ। শুনানি শেষ হয়ে গিয়েছে। এবার রায়টা বেরোবে। সুপ্রিম কোর্টের রায়টা বেরনোর পরে পরবর্তী পদক্ষেপ করা হবে।’

চাপ বাড়বে পশ্চিমবঙ্গ সরকারের?

ডিএ মামলায় দীর্ঘদিন ধরে সরকারি কর্মীদের হয়ে লড়াই করছেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, তাঁদের বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন যে ‘ডিএ মামলার রায় তোমাদের পক্ষে যাবে বলে আমার বিশেষ ধারণা আছে। এখন এই সরকার দেবে কি দেবে না, সেটা বলতে পারব না। না দিলে আমরা আদালত অবমাননার জোরদার মামলা করব। ছাড়া হবে না। নির্দিষ্ট সময় যে দেওয়া হবে, তার মধ্যে রাজ্য সরকার ডিএ না দিলে আমরা আদালত অবমাননার মামলা দাখিল করব। বেশিদিন সময় লাগবে না।’

আরও পড়ুনঃ হোলিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা সরকারের, কারা পাবেন?

উত্তর দিনাজপুরের জেলা সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মলয়বাবু আরও জানান যে তাঁদের আইনজীবী জানিয়েছেন ডিএ মামলার রায়ের পরে সরকার রিভিউ করতে পারে। কিন্তু রিভিউয়ে কোনও লাভ হবে না। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা চলছে।

Leave a Comment