‘যার বিরুদ্ধে প্রচার করেছি, তাঁর সাথেই সাক্ষাৎ করলাম’ নতুন কিছুর ইঙ্গিত রাজন্যার

Rajanya Haldar

প্রীতি পোদ্দার, কলকাতা: তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে এক তরুণী স্লোগান তুলেছিলেন যে, ‘জুলমি জব জব জুলুম করেগা, সত্তাকে হাতিয়ারো সে; চপ্পা চপ্পা গুঞ্জ উঠেগি মমতাদিদিকি নাড়ো সে, অভিষেকদাকে নাড়ো সে…।’ আর সেই তরুণী আর কেউ নন ছিলেন সোনারপুরের রাজন্যা হালদার। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে নেতৃত্ববাদের নতুন মুখ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু এবার সবটাই যেন উল্টে পাল্টে গেল। নির্বাচনের মুখে দেখা গেল অন্য ছবি। বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেলেন রাজন্যা হালদার (Rajanya Haldar)।

সুর বদল রাজন্যার

একুশে জুলাইয়ের মঞ্চে প্রতিবাদী বক্তৃতা দিতে রীতিমত নজর কেড়েছিলেন রাজন্যা হালদার। এরপরই শাসকদলে তাঁর গুরুত্ব ধীরে ধীরে বাড়ছিল। কিন্তু আরজি কর ঘটনার পর বড় ছন্দপতন হয়েছিল। সিনেমা বিতর্কের জেরে দল থেকে সাসপেন্ড হতে হয়েছিল রাজন্যা এবং প্রান্তিককে। এরপরেই রাজন্যার দলবদল নিয়ে বহুদিন ধরে জল্পনা চলছিল। অনেকেরই ধারণা এবার হয়তো বিজেপিতে জয়েন করবেন তাঁরা। কিন্তু সেই নিয়ে প্রকাশ্যে কোনো মতামত দেননি তাঁরা। বরাবরই প্রশ্ন করলে তাঁরা এড়িয়ে চলেন। এমতাবস্থায় বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন রাজন্যা। প্রকাশ্যে এল ছবি।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেলেন রাজন্যা

আজ, বৃহস্পতিবার রাজন্যা হালদার তাঁর ফেসবুক পোস্টে দুটি ছবি শেয়ার করেন। যেখানে রাজন্যাকে দেখা যায় বিজেপি নেতা তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ক্যাপশনে তিনি লিখেছেন যে, “একসময় তাঁর বিরুদ্ধে তমলুকে প্রচার করেছিলাম। কিন্তু তমলুক লোকসভার মানুষ জ্ঞান, শিক্ষা এবং ন্যায়ের পক্ষে ভোট দিয়েছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে। আজ আমি আর শুভঙ্কর দা যে লড়াইতে নেমেছি সেটাও বেকারত্ব সমস্যার বিরুদ্ধে। তাই দেখা করলাম অভিজিৎ বাবুর সঙ্গে। কোনো রাজনৈতিক সমীকরণ নয় আমাদের যাত্রা রাজনীতির ঊর্ধ্বে, যুবসমাজের ভবিষ্যতের পক্ষে।”

আরও পড়ুন: IPAC-র বিরুদ্ধে কোমর কষার প্রস্তুতি ED-র? রাজ্যে আসছেন তিনি

প্রসঙ্গত, রাজন্যা হালদার তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরেই নিজেদের একাধিক কার্যকলাপে বারেবারে বুঝিয়েছিলেন যে, আর শাসক দলের সঙ্গে তিনি থাকছেন না। তাই হয়ত এবার ফুল বদল করে দল বদল করতে চাইছেন তাঁরা। এর আগে বিজেপি নেতা সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে যাওয়া নিয়ে রাজনৈতিক শিবিরে একাধিক গুজব রটেছিল। অনেকে ধরেই নিয়েছিল যে রাজন্যা গেরুয়া শিবিরে আস্তে চলেছে। কিন্তু সেই সময় তিনি বলেছিলেন, “দল পরিবর্তন কথায় বিশ্বাসী নই। বরং আমি বিশ্বাস করি, ভাবনার পরিবর্তনে। আমি শুধুমাত্র সময়ের চাহিদাটা বুঝি। রাজনীতি সব সময়ই সম্ভবনাময়। সময় উত্তর দেবে।”

Leave a Comment