রাতারাতি বদলে গেল নম্বর, SSC মেধাতালিকা প্রকাশের পরই বিতর্ক

SSC Merit List

প্রীতি পোদ্দার, কলকাতা: এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্কের শেষ নেই, কখনও পুরনো প্রার্থীদের দাবি তো আবার কখনও নতুন প্রার্থীদের একের পর এক দাবি নিয়ে জট যেন পাকিয়েই চলেছে। এমতাবস্থায় গতকাল অর্থাৎ বুধবার রাতে একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা (SSC Merit List) প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এদিন উত্তীর্ণদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার পাশাপাশি অনুত্তীর্ণদের তালিকাও প্রকাশিত হয়েছে। এছাড়াও প্রথামতো প্রকাশ করা হয়েছে ওয়েটিং লিস্টের তালিকাও। কিন্তু আজ সকাল হতেই রাতারাতি বদলে গেল SSC-র প্যানেল। বেশ কিছু প্রার্থীর অভিজ্ঞতার নম্বর যোগ হল।

প্রকাশিত হল চূড়ান্ত মেধাতালিকা

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫-এর ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার আয়োজন করেছিল। আর সেই পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন। রেজাল্ট বের হয়েছিল গত ৭ নভেম্বর। প্রাথমিকভাবে জানুয়ারির প্রথম সপ্তাহে মেধাতালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় সেটা হয়নি। এরপর ২০২৫-এর এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন একদল চাকরিপ্রার্থী। আর এবার সময়সীমা মেনে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধাতালিকা প্রকাশ করল কমিশন। তাতে নাম রয়েছে মোট ১৮ হাজার ৯০০ জন প্রার্থীর। যার মধ্যে ১২ হাজার ৫০০ জন চাকরি পাবেন।

রাতারাতি নম্বর পরিবর্তন!

কমিশনের তরফে মেধাতালিকা প্রকাশিত হলেও টিভি ৯ বাংলার রিপোর্ট মোতাবেক তালিকায় বেশ কিছু অসঙ্গতি দেখা গিয়েছে। গতকাল বুধবার সন্ধে ৭টা ৪৫ মিনিট নাগাদ প্রকাশিত হয় এসএসসির প্যানেল। সেই সময় দেখা যায় বেশ কিছু প্রার্থীর অভিজ্ঞতার প্রাপ্ত নম্বর শূন্য। কিন্তু আজ সকালে সেই প্যানেল পুনরায় চেক করা হলে দেখা যায়, অভিজ্ঞতার প্রাপ্ত নম্বরে বসানো হয়েছে ৬ বা ১০। কমিশনের যুক্তি, কয়েকজনের অভিজ্ঞতার নম্বর বসানো ছিল না, কিন্তু মোট প্রাপ্ত নম্বর ঠিক ছিল সেটাই ঠিক করা হয়েছে। কিন্তু এসবের মধ্যে প্রশ্ন উঠছে তাহলে কেন তালিকা প্রকাশের আগে এই নম্বর বসানো হয়নি।

আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণ ছত্তিশগড়ে ইস্পাত কারখানায়! প্রাণ গেল ৬ শ্রমিকের

প্রসঙ্গত, দুর্নীতির জন্য ২০১৬ সালের এসএসসি প্যানেলে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছিল। এরপর সুপ্রিম কোর্টে নির্দেশ দেয় এসএসসিকে নতুন করে পরীক্ষা নিতে হবে। সেই মতো পরীক্ষা নেয় এসএসসি। আর এবার ডেডলাইন মেনে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধাতালিকা প্রকাশিত হল। তবে সেক্ষেত্রে যাতে জন্য ত্রুটি না থাকে তার জন্য নেওয়া হল কড়া পদক্ষেপ। বিকাশ ভবনের তরফে জানানো হয়েছে, সরস্বতী পুজো ও সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকায় ২৭ জানুয়ারির আগে কাউন্সেলিং ও স্কুল বাছাই পর্ব শুরু করা সম্ভব হবে না। তবে দ্রুত প্রক্রিয়া শেষ করতে চায় রাজ্য। কারণ এরপরই রয়েছে বিধানসভা নির্বাচন।

Leave a Comment