বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলিতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর হয়েছে সড়ক পরিবহন মন্ত্রক। সড়ক নিরাপত্তা জোরদার করতে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার (India New Traffic Rule)। এবার শোনা যাচ্ছে, যদি কোনও চালক বছরে 5 বা তার বেশি বার ট্রাফিক আইন লঙ্ঘন করেন সেক্ষেত্রে কঠিন শাস্তি পেতে হবে তাঁকে। বাতিল হয়ে যেতে পারে লাইসেন্সও? কী বলছে নতুন নিয়ম?
5 বার ট্রাফিক আইন ভাঙলে বাতিল হবে লাইসেন্স?
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, যেসব চালকরা বছরে 5 বা তার বেশিবার ট্রাফিক নিয়ম লঙ্ঘন করবেন তাঁদের কম করে তিন মাসের জন্য গাড়ি চালানো থেকে বিরত থাকতে হতে পারে। জানা যাচ্ছে, চলতি মাসের প্রথম তারিখ অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে কার্যকর হওয়া ট্রাফিক নিয়ম মেনে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার।
সরকারের তরফে খুব পরিষ্কার হবে জানানো হয়েছে, যে সকল চালকরা ট্রাফিক আইন ভেঙে জরিমানা দিতে পারবেন না, তাঁরা এর পরিবর্তে নিজেদের লাইসেন্স বাচাতে বেশ কয়েকটি কঠোর নিয়ম মেনে চলতে পারেন। রিপোর্ট বলছে, ভারতীয় নতুন মোটরযান বিধিমালা অনুযায়ী, বর্তমানে জেলা পরিবহন অফিস এবং RTO প্রত্যেকবার ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের লাইসেন্স বাতিলের অধিকার দিয়ে থাকে। তবে এক্ষেত্রে অবশ্যই লাইসেন্সধারী নিজের মামলা রাখার সুযোগ পাবেন।
অবশ্যই পড়ুন: চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে কাটছে জট, আদালতের নির্দেশে খোলা হল নতুন রাস্তা
রিপোর্ট বলছে, নির্দিষ্ট এক বছরের মধ্যে যদি কেউ পাঁচ বা তার বেশি অর্থাৎ বারবার ট্রাফিক আইন ভাঙেন তবে সেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাতিল অথবা জব্দ করা হতে পারে। বিস্তারিতভাবে বলতে গেলে, ট্রাফিক সিগন্যাল ভাঙা থেকে শুরু করে ট্রাফিক গার্ডের নির্দেশ অমান্য করা, হেলমেট বা সিটবেল্ট ছাড়া গাড়ি চালানো, নির্দিষ্ট কাগজপত্র ছাড়া গাড়ি চালানো থেকে শুরু করে 24টি গুরুতর অপরাধের ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। এর মধ্যে অতিরিক্ত গতিতে ড্রাইভিং, নেশা করে বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এমনকি গাড়িতে করে অপহরণের বিষয়টিও যুক্ত রয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, ভারত সরকারের এমন পদক্ষেপে সড়ক দুর্ঘটনা যেমন কমবে তেমনই রাস্তাঘাটে শৃঙ্খলা বজায় থাকবে।