সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবার জন্য এবার বিরাট বদলের পথে হাঁটল কেন্দ্র সরকার (Government of India)। 6 GHz ব্র্যান্ডের একটি অংশ ডি-লাইসেন্স করার সিদ্ধান্ত নিল টেলিকম দফতর। আর এই সিদ্ধান্তের ফলে দেশের Wi-Fi 6E এবং Wi-Fi 7 প্রযুক্তি ব্যবহারের আইনি অনুমোদন মিলেছে, যা ঘরোয়া ও অফিসিয়াল ইন্টারনেট ব্যবহারের গতি অনেকটাই বাড়বে। এদিকে সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, 6 GHz ব্যান্ডের 5925 MHz থেকে 6425 MHz পর্যন্ত মোট 500 MHz স্পেকট্রাম লাইসেন্স ছাড়া ব্যবহার করা যাবে বলেই জানানো হয়েছে।
কী বলা হল টেলিকম দফতরের বিজ্ঞপ্তিতে?
DoT স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই স্পেকট্রামের লো পাওয়ার ইনডোর এবং খুব কম শক্তির আউটডোর ওয়াইফাই সিস্টেম চালাতে কোনও রকম লাইসেন্স লাগবে না। এদিকে ওয়াইফাই রাউটার, অ্যাক্সেস পয়েন্ট বা অন্যান্য ওয়্যারলেস যন্ত্র স্থাপন ব্যবহার কিংবা রক্ষণাবেক্ষণ আলাদা কোনও অনুমতির প্রয়োজন পড়বে না। পাশাপাশি এই পরিষেবাগুলি নন ইন্টারফেস ও শেয়ার বেসিসে চলবে। অর্থাৎ, একে অপরকে ক্ষতি না করে একসঙ্গে ব্যবহার করা যাবে। এর ফলে দেশের লক্ষ লক্ষ বাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বা স্টার্টআপ দ্রুতগতির ওয়াইফাই পরিষেবা পাবে।
সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, 6425–6725 MHz এবং 6725–7125 MHz অংশটি রাখা হচ্ছে মোবাইল পরিষেবা এবং ভবিষ্যতের উন্নত টেলিকম প্রযুক্তির জন্য। জাতীয় ফ্রিকোয়েন্সি বরাদ্দ পরিকল্পনা অনুযায়ী, এই ব্যান্ড ভবিষ্যতে 5G-Advanced ও 6G পরিষেবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে হ্যাঁ, এই সিদ্ধান্ত নিয়ে টেলিকম শিল্পে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন মতামত। কারণ, Apple, Amazon, Cisco, Meta, HP, Intel এর মতো সংস্থাগুলো দাবি করছিল, পুরো 1200 MHz 6 GHz স্পেকট্রাম Wi-Fi এর জন্য ডি-লাইসেন্স করা হোক। আবার অন্যদিকে রিলায়েন্স জিও চেয়েছিল, গোটা স্পেকট্রামকে ভবিষ্যতে স্পেকট্রাম নিলামের আওতায় আনা হোক।
আরও পড়ুন: হোলিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা সরকারের, কারা পাবেন?
পাশাপাশি স্পেকট্রাম অপব্যবহার ঠেকাতে DoT কঠোর প্রযুক্তিগত সীমাও বেঁধে দিয়েছে। নির্দেশিকা অনুযায়ী, চ্যানেলের বাইরের নির্গত সিগন্যাল 20 থেকে 40 ডেসিবেল পর্যন্ত কমাতে হবে। ফলত, এই ব্যান্ডে মোবাইল টাওয়ার বা উচ্চগতির অ্যান্টেনা বসানো যাবে না। এমনকি শুধুমাত্র ওয়াইফাই রাউটার বা ডিভাইসের জন্য এটি উন্মুক্ত থাকবে। এ বিষয়ে GX Group এর সিইও পরিতোষ প্রজাপতি জানিয়েছেন, এই সিদ্ধান্তে ভারতের জন্য Wi-Fi 7 চালুর পথ পরিষ্কার হল। এর ফলে লাইসেন্স ছাড়াই অত্যাধুনিক ওয়াইফাই পরিষেবা চালানো যাবে, তাও কঠোর নিরাপত্তার নিয়ম মেনে।