টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু! কবে, কখন? বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের

Second Hooghly Bridge

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘদিন ধরেই বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু মেরামতি ও পুনর্বাসন সংক্রান্ত কাজ হয়ে চলেছে। গত ১৮ জানুয়ারি আট ঘণ্টার জন্য বন্ধ করে রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু। তবে কাজ সম্পূর্ণ হয়নি, তাই এবার ফের বন্ধ থাকছে কলকাতা-হাওড়া সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতু (Second Hooghly Bridge Closure Update)। আগামী রবিবার, মোট ১৬ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখতে চলেছে কলকাতা পুলিশ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে আগামী ২৫ জানুয়ারি, রবিবার আরও একবার দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকতে চলেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ এবং ব্রিজ মেরামতি কাজের জন্যই প্রায় ১৬ ঘণ্টা বন্ধ রাখা হবে অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুটি। অর্থাৎ রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে এই ব্রিজ। তারপর তা খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। যাতায়াতকারীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য রবিবার যানবাহন কোন বিকল্প পথে চলবে, তা-ও জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।

বিকল্প পথ নির্ধারণ কলকাতা পুলিশের

যাত্রীদের বিকল্প পথ হিসেবে জানানো হয়েছে, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কারণ সেগুলি যাতে পরে সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুর পথ ধরতে পারে। অন্যদিকে জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এবং কেপি রোডের সমস্ত গাড়ি ঘুরিয়ে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফার্লং গেটের দিকে নিয়ে যাওয়া হবে যাতে সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যাওয়া যায়। পাশপাশি সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে।

আরও পড়ুন: ব্যাঙ্কে তালা দিয়ে উধাও তৃণমূল প্রধানের ক্যাশিয়ার ছেলে! মালদায় ভয়ঙ্কর প্রতারণা

আগামী রবিবার, বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং বদল-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কাজ করা হবে। আর এই কাজের দায়িত্ব পরিচালনা করছে হুগলি রিভার ব্রিজ কমিশনারস অথরিটি। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থা মূলত হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে কাজ করে চলেছে দীর্ঘ বছর ধরে। সব ব্যবস্থা বুঝে কলকাতা পুলিশ জানিয়েছে, নিরাপত্তা ও যাত্রীসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তবে যাতায়াত ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হলে প্রয়োজনে শহরের অন্যান্য প্রধান আর্টেরিয়াল রোড দিয়েও যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।

Leave a Comment