বিক্রম ব্যানার্জী, কলকাতা: “বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার জন্য রাজি করানোর কোনও চেষ্টাই করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ICC।” বৃহস্পতিবার, বিশ্বকাপ বিতর্কে মুখ খুলে সাংবাদিকদের সামনে এমনটাই জানালেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গতকালই তিনি বাংলাদেশের (Bangladesh Cricket Board) তরফে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে, মুস্তাফিজুর রহমানরা ভারতে এসে বিশ্বকাপ কিছুতেই খেলবে না। হাবভাব এবং নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তিনি বুঝিয়েছেন, প্রয়োজন হলে বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ, তবুও ভারতে আসবেন না ওপারের প্লেয়াররা।
ভারতকে নিয়ে নতুন বক্তব্য বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার
ভারতে খেলতে আসবে না বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতে অবশ্য চিরে ভেজেনি। বিশ্ব ক্রিকেট সংস্থা খুব পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে তাদের। অন্যথায় বদলির মুখে পড়তে হবে পর্দা পাড়ের দলকে। এমন নির্দেশ সত্ত্বেও বাংলাদেশ নিজের অবস্থানে অনড়। এরই মাঝে গত বুধবার, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে বৈঠকে বসেছিল ওপার বাংলা ক্রিকেট বোর্ড।
রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বেশ কয়েকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বুঝিয়েছে ভারতে ওপার বাংলার প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে অযথা চিন্তা করার প্রয়োজন নেই। এমন বক্তব্যের ঠিক বিপরীতে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার দাবি, “যে দেশ আমাদের এক প্লেয়ারকে বের করে দিয়েছে। সেই দেশে গিয়ে আমাদের দেশের খেলোয়াড়রা কীভাবে নিরাপত্তা পাবে! আর যাই হোক, বিশ্বকাপে নিরাপত্তা দেবে তো ভারতেরই পুলিশ। প্লেয়ারদের নিরাপত্তার কাছে আর্থিক ক্ষতি কিছুই নয়।”
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ-ও বলে দিলেন, ভারত এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নাকি বাংলাদেশকে বিশ্বকাপে খেলার জন্য রাজি করানোর কোনও চেষ্টাই করেনি। আসিফের কথায়, “নিরাপত্তা ইস্যুতে আমাদের কনভিন্স করার জন্য ICC কোনও চেষ্টাই করেনি। আসল সমস্যা বাদ দিয়ে তারা স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রসিডিওর নিয়ে আলোচনা করেছে। যে সমস্যা নিয়ে আলোচনায় বসা সেই বিষয়ে কোনও স্ট্যান্ড নেয়নি বিশ্ব ক্রিকেট সংস্থা। ভারত সরকারের পক্ষ থেকেও আমাদেরকে কনভিন্স করার চেষ্টাই হয়নি। ফলে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করব এর কোন সুযোগ নেই।”
অবশ্যই পড়ুন: যেকোনও সময় ইরানে হামলা চালাতে পারে আমেরিকা, চলছে জোর প্রস্তুতি!
এদিন, ভারতে বিশ্বকাপ খেলতে না আসার একেবারে স্পষ্ট অবস্থান জানিয়ে আসিফ নজরুল বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের সাথে সুবিচার করেনি। এর আগে বহুবার সমস্যার কারণে এক দেশের ম্যাচ অন্য দেশে হয়েছে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন এর অন্যথা হচ্ছে। তাঁরা আশা করেন হয়তো ICC বাংলাদেশের দিকে তাকাবে। বাংলাদেশ দল সুবিচার পাবে।