প্রীতি পোদ্দার, কলকাতা: আজ ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৯ তম জন্মদিন। প্রতিবছরের মতোই বিভিন্ন প্রান্তে উদযাপন করা হচ্ছে এই দিনটি। রাজ্য সরকারের তরফেও আজ তাঁকে সম্মান এবং শ্রদ্ধা জানাতে রেড রোডের সুভাষ স্মরণের মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ বিশিষ্ট নাগরিকরা। বক্তৃতার মাধ্যমে এদিন মমতা নেতাজির ফাইল প্রকাশ-সহ একাধিক ইস্যুতে সুর চড়ান। এমনকি SIR ইস্যু নিয়েও সুর চড়াতে ছাড়েননি তিনি।
নেতাজির ফাইল প্রকাশ নিয়ে গর্জে উঠলেন মমতা!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির ফাইল প্রকাশ নিয়ে ভরা মঞ্চে গর্জে উঠলেন এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে বলেন, “আজ নেতাজির জন্মদিন। এখনও দিনটাকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি। তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন, আর ফিরে এলেন না। আমরা তাঁর জন্মদিনটা জানি। মৃত্যুদিনটা বলতে পারি না। কেন এখনও নেতাজির অন্তর্ধান রহস্যের কোনও কিনারা হল না?” এখানেই শেষ নয়, বাংলায় এসআইআরে একাধিক সাধারণ মানুষের মৃত্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দেগেছেন মমতা।
SIR নিয়ে কেন্দ্র এবং কমিশনকে তোপ
রেড রোডের সুভাষ স্মরণের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার ১ কোটি ৩৮ লক্ষ মানুষকে ডেকেছে। তার আগে একতরফা ভাবে ৫৮ লক্ষ নাম বাদ দিয়েছে। মোট সংখ্যাটা প্রায় ২ কোটি। ৭ কোটি মানুষের মধ্যে ২ কোটি বাদ গেলে কত বাকি থাকে?” এরপরই নেতাজির প্রসঙ্গ টেনে এনে বলেন, “নেতাজি বেঁচে থাকলে কি তাঁকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হত? হিয়ারিংয়ে তাঁকেও ডাকা হত? কৈফিয়ত চাওয়া হত আপনি ভারতীয় কি না?” তাঁর অভিযোগ, বিজেপি সরকার দেশের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে! মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। শুধু তাই নয়, দেশ তথা বাংলার মনীষীদের অসম্মান করা হচ্ছে বলেও মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন মমতা।
আরও পড়ুন: সরস্বতী পুজোর দিন পূর্বস্থলীর স্কুলে তালা, বাণী বন্দনা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী
প্রসঙ্গত, দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ সকালে বাংলা ভাষায় দেশবাসীর উদ্দেশে সোশাল মিডিয়ায় এক পোস্ট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে পালিত পরাক্রম দিবসে ভারতের স্বাধীনতা সংগ্রামের এই মহান নেতার প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলনে নির্ণায়ক নেতৃত্ব প্রদানের পাশাপাশি, এই আন্দোলনকে তিনি আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছিলেন ৷ তাঁর আদর্শ আজও প্রতিটি ভারতীয়কে উদ্বুদ্ধ করে৷” অন্যদিকে সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।