বিক্রম ব্যানার্জী, কলকাতা: তাঁর ব্যর্থতা নিয়ে কম ঠাট্টা তামাশা হয়নি। ক্রমাগত টি-টোয়েন্টিতে ব্যাট হাতে মুখ থুবড়ে পড়ায় ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে সমালোচনা একেবারে সপ্তমে চড়েছিল। এবার সেই ঘায়েল হওয়া বাঘ ঘুরে দাঁড়াল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে (India Vs New Zealand) ফের পুরনো সূর্যকে দেখলেন দর্শকরা। ব্যাট হাতে নিউজিল্যান্ডকে কার্যত কাঁদিয়ে ছাড়লেন স্কাই। তাতেই দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে মাথা নোয়ালো কিউইরা।
সূর্যের তেজে পুড়ে খাক নিউজিল্যান্ড
শুক্রবার, সরস্বতী পুজোর দিন সন্ধ্যাটা শুরু হয়েছিল ভারতের টস জয় দিয়ে। দ্বিতীয় ম্যাচে ভাগ্য ফেরায় প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্যরা। সেই মতোই, ব্যাট করতে নেমে বড় লক্ষ্য ছোঁয়ার স্বপ্ন দেখলেও শুরুতেই ধাক্কা খেতে থাকে নিউজিল্যান্ড। এদিন দুই কিউই ওপেনার যথাক্রমে 19 এবং 21 রানে মাঠ ছেড়েছিলেন। এরপর রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের জন্য 44 রানের ইনিংস খেললেও গ্লেন ফিলিপস থেকে শুরু করে মিচেল কেউই ভারতের বোলিং আক্রমণের সামনে টিকে থাকতে পারেননি।
এদিন, কুলদীপ যাদবদের ক্রমাগত আক্রমণে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল নিউজিল্যান্ড। যার ফলে শেষ পর্যন্ত মিচেল স্যান্টনারের ব্যাটিংয়ে ভারতকে 209 রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে প্রথমেই ধাক্কা খায় ভারত। শূন্যতে আউট হবে মাঠ ছাড়েন গত ম্যাচের নায়ক অভিষেক শর্মা। সঞ্জু স্যামসন আউট হন মাত্র 6 রান করেই। এখানেই একপ্রকার ভেঙে পড়েছিল টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস।
অবশ্যই পড়ুন: ২০২৭ এর অগাস্টেই ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন, রুটও জানিয়ে দিলেন রেলমন্ত্রী
তবে কথায় আছে, শেষ ভাল যার সব ভাল তাঁর। নিউজিল্যান্ডের সামনে প্রথম দুই উইকেট হারিয়ে যে ধাক্কাটা খেয়েছিল ভারত সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ইশান কিষাণ এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। বলা চলে, এদিন এই দুই ব্যাটসম্যানের দাপুটে ইনিংসের জোরেই প্রতিপক্ষের সামনে একেবারে ঝড় তুলেছিল ভারত। পরবর্তীতে, ইশান 76 রান করে আউট হলেও। ভারতের জয়রথ লক্ষ্যে পৌঁছে দিলেন অধিনায়ক সূর্য এবং শিবম দুবে। এদিন সূর্যের ব্যাটের বিস্ফোরক ইনিংসে পুড়ে ছাই হয়ে গেল নিউজিল্যান্ড। বলে রাখি, শুক্রবারের ম্যাচে সূর্যর ব্যাট থেকে 82 রানের অপরাজিত ইনিংস উপহার পেয়েছে ভারত। শিবম করেছেন 36 রান। আর তাতেই নিউজিল্যান্ডকে 7 উইকেটে কুপোকাত করল টিম ইন্ডিয়া।