পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ হামলা, মৃত্যু ৭, আহত অন্তত ২৫ জন

সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের আনন্দ পরিণত হল শোকের ছায়ায়। উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আত্মঘাতী হামলায় মৃত্যু হল অন্তত সাতজনের (Pakistan Attack)। পাশাপাশি আহত হয়েছে আরও ২৫ জন। এমনকি তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন। শুক্রবার রাতে ঘটে এই ঘটনা, যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

অতিথিদের ছদ্মবেশে হামলা

প্রাথমিকভাবে তদন্ত করে জানা গিয়েছে, হামলাকারী নিজেরাও বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিল। অভিযোগ উঠছে, পোশাকের নিচে লুকিয়ে থাকা বিস্ফোরক নিয়ে সে ওই ভিড়ের মধ্যেই ঢুকে পড়ে। এরপর সুযোগ বুঝেই ঘটায় বিস্ফোরণ। আর বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে বিয়েবাড়ির একটি অংশের ছাদ ভেঙে পড়ে। ফলত, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে বহু মানুষ। এমনকি উদ্ধারকার্য চালাতে গিয়ে সমস্যার মুখে পড়ে উদ্ধারকারী দল।

পুলিশ সূত্রে খবর, নিহতদের মধ্যে এক শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মাসুদ যিনি জিগরি মাসুদ নামেও পরিচিত, তিনি রয়েছেন। তিনি একসময় জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকলেও পরে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। পাশাপাশি পাকিস্তানের এদের ভালো তালিবান বলেও চিহ্নিত করা হয়। আর অন্যান্য নিহতদের বাকিরা তাঁর পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন বলেই সূত্রের খবর।

আরও পড়ুন: দার্জিলিংয়ের টয় ট্রেনে জুড়ছে ব্রিটিশ আমলের ঐতিহ্য, নতুন অভিজ্ঞতা পাবেন পর্যটকরা

তবে এই হামলার দায় স্বীকার করেনি এখনও কোনও জঙ্গি সংগঠন। কিন্তু গোয়েন্দা মহলের একাংশের দাবি, এর নেপথ্য থাকতে পারে তেহরিক-ই-তালিবান পাকিস্তান। সম্প্রতি খাইবার পাখতুনখোয়া প্রদেশে একের পর এক হামলার পেছনে এই সংগঠনের নামই উঠে এসেছে। এদিকে চলতি মাসের শুরুতে বান্নু জেলায় শান্তি কমিটির চার সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছিল। আর তার আগে ২০২২ সালের নভেম্বর মাসে একই জায়গায় শান্তি কমিটির কার্যালয়ে এক হামলায় মৃত্যু হয়েছিল ৭ জনের।

Leave a Comment