নতুন স্মার্টফোন ব্র্যান্ড বানাবে ভারত, লঞ্চের সময়ও জানালেন অশ্বিনী বৈষ্ণব

Indian Smartphone Brand

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের স্মার্টফোন বাজারে এবার চমক দিতে চলেছে ভারতের নিজস্ব ব্র্যান্ড (Indian Smartphone Brand)। এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ডাভোসে ২০২৬ এর এক আলোচনায় তিনি স্পষ্ট বলেছেন, ভারত এখন শুধুমাত্র মোবাইল ফোন অ্যাসেম্বলিং বা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর দেশ নয়, বরং নিজের গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড তৈরি করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।

নিজস্ব ব্র্যান্ডের পথে ভারত

ডাভোসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এদিন মন্ত্রী বৈষ্ণব বলেছেন, ভারত এখন এত বড় ও শক্তিশালী ইলেকট্রনিক্স ইকোসিস্টেম তৈরি করতে পেরেছে যে এবার আমাদের নিজের মোবাইল ফোন ব্র্যান্ড গড়ে তোলার সময় এসেছে। তিনি জানিয়েছেন, সরকার এবং শিল্পমহল ইতিমধ্যেই এই লক্ষ্য পূরণ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন শুধুমাত্র বিদেশি সংস্থার জন্য ফোন তৈরি করা লক্ষ্য হবে না, বরং ডিজাইন, ইঞ্জিনিয়ারিং বা ব্র্যান্ডিং সবকিছু ভারত থেকেই হবে।

মন্ত্রী জানিয়েছেন, গত দু’দিন ধরে দেশের ইলেকট্রনিক্স সেক্টরের সঙ্গে আলোচনা চলেছে। আর এই আলোচনায় অংশ নিয়েছিল সেমিকন্ডাক্টর নির্মাতা সংস্থা, ডিসপ্লে ও ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা এবং ক্যামেরা ও মডিউল নির্মাতারা। সেখানে স্পষ্ট হয়েছে যে, স্মার্টফোন তৈরির জন্য প্রয়োজনীয় হাজার হাজার যন্ত্রাংশের সম্পূর্ণ সাপ্লাই চেইন এখন ভারতের মধ্যেই গড়ে উঠেছে।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে ইরানের পাশে দাঁড়িয়ে বিশ্বকে চমকে দিল ভারত, উদ্বেগে পশ্চিমি দেশগুলি

১২ থেকে ১৮ মাসের মধ্যেই ভারতে আসতে পারে নতুন ব্র্যান্ড

এদিন মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে, আগামী এক বছর থেকে সর্বোচ্চ ১৮ মাসের মধ্যেই ভারতে নিজস্ব স্মার্টফোন ব্র্যান্ড আত্মপ্রকাশ করতে পারে। আর সেগুলির লক্ষ্য হবে গোটা বিশ্ববাজার। এর অর্থ, এই ব্র্যান্ডগুলো শুধুমাত্র সস্তার ফোন নয়য়, বরং ডিজাইন, গুণমান এবং প্রযুক্তিগত দিক থেকে অ্যাপলের মতো সংস্থাকে টেক্কা দেবে। আর বিশেষজ্ঞদের মতে, ভারতের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে পিএলআই স্কিম, দেশীয় উৎপাদন বাড়ানোর সরকারি নীতি, স্মার্টফোনের বিরাট চাহিদা এবং চিনের বাইরে বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতের অবস্থান।

Leave a Comment