“শীঘ্রই কিছু কেলেঙ্কারি ফাঁস হবে!” কীসের ইঙ্গিত দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

Abhijit Gangopadhyay Made a huge statement on state government

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিচারকের দায়িত্বে থাকাকালীন রাজ্য সরকারের একাধিক দুর্নীতির মামলার শুনানি হয়েছিল তাঁর এজলাসে। দুর্নীতির প্রশ্নে, একের পর এক কঠোর নির্দেশ দিয়েছিলেন তিনি। সে জন্য অবশ্য, তৃণমূল শিবির থেকে পেতে হয়েছে অবিচারপতি তকমা। এবার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) এক প্রকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন খুব শীঘ্রই রাজ্যের নতুন কোনও কেলেঙ্কারি ফাঁস হতে পারে। রবিবার, পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুব সমাজ সংগঠনের তরফে ডাকা সাংবাদিক বৈঠকে হাজির হয়েই আশঙ্কার ইঙ্গিত দিয়ে রাখলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।

রাজ্য সরকারকে তুলোধোনা করলেন অভিজিৎ!

রবিবার, সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েই বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করিয়ে দিলেন, তিনি আজ কোনও দলের হয়ে নিজের মতামত রাখতে আসেননি। সম্পূর্ণ অরাজনৈতিক ভাবেই আন্দোলনের পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি। সেই উদ্দেশ্যেই একজন আম নাগরিক হিসেবেই আজকের বৈঠকে উপস্থিত হয়েছিলেন তিনি। প্রাক্তন বিচারপতি অভিজিতের মতে, সার্বিকভাবে সরকারবিরোধী একটা আন্দোলন গড়ে ওঠা উচিত। এমন অনেকেই রয়েছেন যাঁরা সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান না। তবে এই সরকারকে রাখা যাবে কিনা তা নিয়ে তাঁদের মতামতটা নেওয়া জরুরি।

এদিন নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে গেরুয়া শিবিরের সাংসদ বললেন, “আমি মনে করি এই সরকারের আর একটা দিনও ক্ষমতায় থাকা উচিত নয়। যদিও তারা আইনতভাবে ক্ষমতায় আছে। আশা রাখছি এর মধ্যে খুব শীঘ্রই কিছু কেলেঙ্কারি ফাঁস হবে। বারবার এই সরকারের কেলেঙ্কারি ফাঁস হচ্ছে। আমার মতে, একটানা কেলেঙ্কারি ফাঁস হলে, 72 ঘন্টার জন্য বনধ ডাকা উচিত। মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত এবং যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হয়, ততক্ষণ এই বনধ চলবে।”

অবশ্যই পড়ুন: CAA-তে আবেদন করে ৫ মাসেই ভারতীয় নাগরিকত্ব পেলেন বাংলাদেশী হিন্দু

উল্লেখ্য, এর আগে বহুবার রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক সব অভিযোগ এনেছেন তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শাসক শিবিরও তাঁকে পাল্টা আক্রমণ করতে ছাড়ে না। তিনি বিচারপতি থাকাকালীন তাঁর যেসব নির্দেশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল সেইসব সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেই প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে এক হাত নিয়েছে তৃণমূল নেতৃত্ব।

Leave a Comment