বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমবার নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছিল ভারত। তাই টি-টোয়েন্টি সিরিজে (India Vs New Zealand) সেই পরাজয় যন্ত্রনা ধীরে ধীরে কাটিয়ে উঠছে টিম ইন্ডিয়া। অপ্রত্যাশিতভাবে নিউজিল্যান্ড যে কালি লাগিয়ে দিয়ে গিয়েছিল ভারতের গায়ে, সেটা তুলতেই এখন নিজেদের সর্বস্ব দিয়ে লড়ছেন সূর্যকুমার যাদবরা। তাতে চলতি সিরিজের প্রথম দুই ম্যাচ উত্তরে গিয়েছে ভারত। চিন্তা ছিল তৃতীয় টি-টোয়েন্টি নিয়ে। সেটাও কিউইদের দাবিয়ে রেখেই জিতল মেন ইন ব্লু।
নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে সহজ জয় ভারতের
সুপার সানডেতে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের শুরুটা হয়েছিল সূর্যকুমারদের টস জয় দিয়ে। ভাগ্যের পরীক্ষায় পাস করার পর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। সেই সূত্রেই, বাধ্য হয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তবে এদিন অধিনায়ক মিচেল স্ট্যান্টনারের কথা মতো ভারতকে বড় লক্ষ্য দেওয়ার ভাবনা থাকলেও টিম ইন্ডিয়ার দুর্ধর্ষ বোলিং আক্রমণের সামনে কার্যত প্রথম থেকেই মুখ থুবড়ে পড়েছিল কিউই দল।
রবিবার, ভারতীয় বোলারদের ঝাঁঝালো বোলিংয়ের সামনে প্রথমেই মাথা নোয়ায় নিউজিল্যান্ডের দুই ওপেনার। এরপর রচিন রবীন্দ্রও 4 রান করে আউট হন। মাঝে ব্যাট করতে নেমে 48 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন গ্লেন ফিলিপস। ভারতের ক্রমাগত আক্রমণের সামনে দাঁড়িয়ে চ্যাপম্যানও এদিন 32 রান করেন। তবে গত ম্যাচের মতোই আজও রান পেলেন না গত ওয়ানডে সিরিজের নায়ক ড্যারিল মিচেল। 14 রানেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। এরপর থেকে ক্রমাগত টিম ইন্ডিয়ার ঝোড়ো বোলিংয়ের সামনে উইকেট দিতে থাকে নিউজিল্যান্ড। তাতে শেষ পর্বে গিয়ে 9 উইকেট হারিয়ে 153 রান তোলে ব্ল্যাক আর্মি।
অবশ্যই পড়ুন: ১৫০ টাকা করে জমিয়ে পান ১৯ লক্ষ, বিনিয়োগ করুন LIC-র এই স্কিমে
আজ, ব্যাট হাতে ভারতের শুরুটা নিউজিল্যান্ডের মতোই হয়েছিল। ওপেনিং করতে নেমে শূন্যতেই মাঠ ছাড়েন সঞ্জু স্যামসন। অভিষেক শর্মার সাথে জুটি বাঁধেন ইশান কিষাণ। দুই ভারতীয় তারকা ব্যাটে চেপে দ্রুত এগিয়ে যাচ্ছিল ভারত। এমতবস্থায় হঠাৎ ইস শোধির বলে উইকেট হারান কিষাণ। তাতে অবশ্য সহজ জয় খুঁজতে সমস্যা হয়নি ভারতের। অধিনায়ক সূর্যকুমারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে 8 উইকেট হাতে রেখে নিউজিল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টি থেকেও পগার পার করলেন অভিষেক শর্মা। সেই সাথেই গোটা টি-টোয়েন্টি সিরিজ জিতে গেল টিম ইন্ডিয়া। স্কাইরা বুঝিয়ে দিলেন, ভারতের সাথে লড়তে এলে চোখে সর্ষের ফুলই দেখতে হবে!