কৌশিক দত্ত, কলকাতাঃ ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বীরত্বের পুরস্কার (Gallantry Awards 2026) প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। মহাকাশচারী তথা গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লাকে অশোক চক্র দিয়ে সম্মানিত করার ঘোষণা করা হয়েছে। বলে দিই, গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়। তিনি ISS-এ গিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। আর এই কারণে তাঁকে ভারতের সর্বোচ্চ বীর পুরস্কার অশোক চক্র দিয়ে সম্মানিত করা হয়েছে। পাশাপাশি সেনার তিন জওয়ানকে কীর্তি চক্র দিয়ে সম্মানিত করা হয়েছে।
দক্ষিণ সেনার কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে অসামান্য সেবার জন্য উত্তম যুদ্ধ সেবা মেডেল-এ ভূষিত করা হবে। এছাড়াও ইন্ট্রিগ্রেটেড ডিফেন্স স্টাফের চিফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতকে বিশিষ্ট সেবা মেডেল দিয়ে সম্মানিত করা হবে।
আরও পড়ুনঃ আগামী ৫-৬ দিন … দক্ষিণবঙ্গে শীত নিয়ে বিরাট পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া?
বিশেষ পদক পাচ্ছেন কর্নেল সোফিয়া কুরেশি
পশ্চিমী নৌসেনা কম্যান্ডার ভাইস অ্যাডমিরাল স্বামিনাথন, সেনা এয়ার ডিফেন্সের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি’কুনহা আর সামরিক বিষয়ক বিভাগের (DMA) অতিরিক্ত সচিব ভাইস অ্যাডমিরাল অতুল আনন্দকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে পরম বিশিষ্ট সেবা পদক দিয়ে সম্মানিত করা হবে। এর সাথে অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কর্নেল সোফিয়া কুরেশিকে বিশিষ্ট সেবা পদক দিয়ে সম্মানিত করা হবে এবারের প্রজাতন্ত্র দিবসে।