সরস্বতী পুজোর ভাসানে ধুন্ধুমার পরিস্থিতি, দু’পক্ষের অশান্তিতে উত্তপ্ত কৃষ্ণনগর

Nadia

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এমনিতেই হাওয়া গরম বঙ্গ রাজনীতিতে তার উপর রয়েছে SIR বিতর্ক। এমন অবস্থায় সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে এবার তুমুল অশান্তি শুরু হল নদীয়ার (Nadia) কৃষ্ণনগরে। অভিযোগ প্রতিমা নিরঞ্জনের সময় ক্লাব বারোয়ারীর ভিতরে মারধর শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য হস্তক্ষেপ করলে সঙ্গে সঙ্গে বচসা তীব্র আকার নেয়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন যুবককে।

প্রতিমা নিরঞ্জন নিয়ে ব্যাপক গন্ডগোল

স্থানীয় রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ রবিবার, সরস্বতী মায়ের প্রতিমা নিরঞ্জন পর্ব শুরু হয় জেলায় জেলায়। নদীয়ার কৃষ্ণনগরেও দফায় দফায় শুরু হয় নিরঞ্জন পর্ব। কিন্তু কৃষ্ণনগর পৌরসভার কাছে কোতোয়ালি থানার অন্তর্গত কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ের মুখে দুই পক্ষের মধ্যে ব্যাপক শোরগোল শুরু হয়। পরিস্থিতি এতটাই ভয়ংকর আকার নেয় যে বচসা থেকে শুরু করে লাঠি পেটা মারপিটের পর্যায়ে চলে যায়। পরিস্থিতি বেগতিক দেখে আশেপাশের স্থানীয়রা পুলিশে খবর দেয়।

গ্রেফতার করা হয় একাধিক যুবককে

দু’পক্ষের মারামারিতে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ। মারামারিতে জখম হন ৪-৫ জন। এরপরেই অভিযোগ মিলতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ বাহিনী। কিন্তু ঝামেলা কমার বদলে উল্টে আরও বেড়ে যায়। সাময়িক বিঘ্নিত হয় প্রতিমা নিরঞ্জন পর্ব। শেষে পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় গ্রেফতার করা হয় একাধিক যুবককে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ফের শুরু করা হয়েছিল প্রতিমা নিরঞ্জন পর্ব। কিন্তু আচমকা এমন বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় প্রশ্ন উঠতে থাকে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

আরও পড়ুন: ৯ ঘণ্টায় বিনামূল্যে ২২ রোগীর শরীরে পেসমেকার বসানো ডঃ সরোজ মণ্ডল পেলেন পদ্মশ্রী

প্রসঙ্গত, এর আগে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরেও কৃষ্ণনগরে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়ার অভিযোগ উঠেছিল সে সময়। প্রতি বছরই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে কিছু না কিছু অশান্তির অভিযোগ ওঠে। একবার প্রাণহানিও হয়েছিল। কিন্তু সরস্বতী পুজোর ভাসান ঘিরেও যে এমন মারামারি কাণ্ড হবে তা কেউ ভাবতে পারেনি।

Leave a Comment