কেন্দ্র থেকে বকেয়া আদায়ে মোক্ষম চাল নবান্নর

Nabanna

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। এমনকী কেন্দ্র-রাজ্য ট্যাক্স-সম্পদের বণ্টনেও বৈষম্যের অভিযোগ উঠে আসছে বারবার। এদিকে রাজ্যে ব্যয় বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত। অথচ আয় বাড়ানোর পথে বিঘ্ন সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি সরকারি প্রকল্প যেমন আবাসন প্রকল্প, ১০০ দিনের কাজেও কেন্দ্রের তরফ থেকে আসছে না কোনো অর্থ। তাই এবার নিজেদের প্রাপ্য কেন্দ্রের থেকে ছিনিয়ে আনতে যাচ্ছে নবান্ন (Nabanna)। অস্ত্র হিসেবে তুলে ধরতে চলেছেন মোরারজি দেশাই সরকারের জারি করা একটি দুষ্প্রাপ্য বিজ্ঞপ্তি।

অডিটের জন্য চিঠি পাঠালেও মেলেনি উত্তর

কেন্দ্রের থেকে বরাদ্দ টাকা নিয়ে বিতর্ক এখনও চলছে। তবে আর নয়, ফের প্রাপ্য ছিনিয়ে আনতে গর্জে উঠল সরকার। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, বরাবরই লোকসভা নির্বাচনের যাবতীয় খরচ বহন করে থাকে কেন্দ্র। তবে কেন্দ্রীয় বাহিনীর জন্য যাবতীয় খরচ প্রথমে করতে হয় রাজ্যকে। এর জন্য এজি বেঙ্গলকে দিয়ে খরচের অডিট করানো বাধ্যতামূলক। সেক্ষেত্রে রাজ্যকে কেন্দ্রের অনুমতি নিতে হয়। তাই নিয়ম অনুযায়ী গত ২৬ নভেম্বর কেন্দ্রীয় আইন মন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। কিন্তু, দু’মাস পেরিয়ে গেলেও এখনও কেন্দ্র সেই চিঠির কোনো উত্তর দেয়নি। এদিকে অডিট না মিললে রাজ্যের পক্ষে এই খাতের ১০৮৬ কোটি ৩৯ লক্ষ টাকা পাওয়া অসম্ভব। তাই এবার নয়া কৌশল করল মমতা সরকার।

কী লেখা ছিল বিজ্ঞপ্তিতে?

১৯৭৭ সালের ১৮ আগস্ট মোরারজি দেশাই সরকারের জারি করা একটি দুষ্প্রাপ্য বিজ্ঞপ্তি বা নির্দেশিকা পাঠানো হয়েছিল প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে। সম্প্রতি নবান্ন কেন্দ্রীয় আইন মন্ত্রকের জারি করা সেই বিজ্ঞপ্তি পায়। যেখানে স্পষ্ট লেখা ছিল যে, সাধারণ নির্বাচনে রাজ্য যদি কোনও খরচ করে, তাহলে তা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রককে নিজস্ব বাজেট গ্রান্ট থেকে গ্রান্ট-ইন-এইড হিসেবে মেটাতে হবে রাজ্যগুলিকে। তাই এটাই হয়ে উঠেছে কেন্দ্রের থেকে ন্যায্য পাওনা বুঝে নেওয়ার শ্রেষ্ঠ হাতিয়ার! ওয়াকিবহাল মহলে মনে করছে এই বিজ্ঞপ্তি একদিকে যেমন রাজ্যের প্রাপ্য মেটানোর উপায় বলে দিল ঠিক তেমনই আবার কেন্দ্রীয় অনুমোদন ছাড়াই এজি বেঙ্গলকে অডিটের আবেদন জানানোর রাস্তা খুলে দিল।

আরও পড়ুন: জানুয়ারির পর সামনেই মিলবে টানা ছুটি, দেখুন পশ্চিমবঙ্গ সরকারের হলিডে লিস্ট

প্রশাসনিক মহলের মতে, যেহেতু মোরারজি দেশাই সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে অডিটের জন্য কেন্দ্রীয় অনুমোদনের প্রয়োজন নেই, এমন কোনও কথা সরাসরি লেখা নেই। তাই সেক্ষেত্রে কেন্দ্রের কাছে অডিটের অনুমোদন চাওয়ার দরকার নেই। এখন দেখার পালা কেন্দ্র এই বিষয়ে কী প্রতিক্রিয়া দেয়।

Leave a Comment