প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, যায় ফলে রাজ্যে ভোটের মেজাজ বেশ গরম। আর এই আবহে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে ঘিরে চলছে জোর বিতর্ক। শুনানির জন্য একের পর এক নোটিস পাঠানো হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট নাগরিকদের। এখানেই শেষ নয়, SIR আতঙ্কে রাজ্যে মৃতের সংখ্যাও বেশ বেড়েছে। যা নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এমতাবস্থায় নির্বাচনের মুখে দিল্লি সফরের প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
SIR আবহে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী!
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার, সাধারণতন্ত্র দিবসে লোকভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে চা চক্রে যোগ দিয়ে দিল্লিযাত্রার কথা জানিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেইসময় তখনও স্থির হয়নি যে মমতা কবে দিল্লি যাবেন। কারও কারও বক্তব্য ছিল, ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে সংসদের অধিবেশন চলাকালীনই মমতা দিল্লি সফরে যেতে পারেন। আবার কারও কারও বক্তব্য, SIR সম্পন্ন হওয়ার পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই দিল্লি যেতে পারেন মমতা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। আগামীকাল অর্থাৎ বুধবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধেই যাবেন দিল্লিতে
শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হচ্ছে, মোট তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। শুধু তাই নয়, আশঙ্কা করা হচ্ছে এসআইআর প্রক্রিয়ার ফলে যাঁদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছিল সেই পরিবারগুলির প্রতিনিধিদের নিয়ে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে রাজ্যের পরিস্থিতিকে জাতীয় স্তরে তুলে ধরাই তাঁর কৌশল বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই সফরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও আরও তীব্র রাজনৈতিক আক্রমণ শানাতে পারেন মমতা। অর্থাৎ সব মিলিয়ে এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আরও পড়ুন: আনন্দপুরের জতুগৃহে উদ্ধার ১০ দেহাংশ, নিখোঁজ ২০, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা
প্রসঙ্গত, এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিনিধি দল দিল্লি গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পরই SIR প্রক্রিয়া নিয়ে তাঁরা গর্জে ওঠে। অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশন সংশোধনের নামে ইচ্ছে করে বহু ক্ষেত্রে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল শুরু থেকেই সরব রয়েছেন। এবার সেই প্রতিবাদের আগুন দিল্লিতে যেতে চলেছে।