বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবারের সকালটাই শুরু হল খারাপ খবর দিয়ে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar Death)। তবে তিনি একা নন, বিমান দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বিমানের আরও 5 জন যাত্রী। সকাল হতেই এমন খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা পিটিআই।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
আপাতত যা খবর, বুধবার সকাল পৌনে 9টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় আচমকা কিছু যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ে বিমানটি। সূত্রের খবর, ওই বিমানেই বারামতী আসিছিলেন শরৎ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। জানা যাচ্ছে, সাবধানতা অবলম্বন করেও বিমানটিকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারেননি চালক। তাতেই অকালে ঝড়ল এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত সহ 6 জনের প্রাণ।
#BREAKING: DGCA confirms no survivors in Baramati plane crash in which Maharashtra Deputy CM Ajit Pawar was on board. 5 people – 3 passengers 1 pilot 1 crew killed in the crash. pic.twitter.com/0f7ex3ssf6
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) January 28, 2026
পিটিআই সূত্রে খবর, বিমানটি ভেঙে পড়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। এর ফলে দাউ দাউ করে জ্বলতে থাকে ওই বিমান। দুর্ঘটনার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। ময়দানে নামে পুলিশও। সূত্রের খবর, বিমানের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে বিমান দুর্ঘটনায় আর কেউ আহত হয়েছেন কিনা সে খবর মেলেনি।
অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপে পাকিস্তানকে ধুয়ে দিতে পারেন ভারতের এই ৫ প্লেয়ার
প্রসঙ্গত, প্রয়াত অজিত পাওয়ারের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, জেলা পরিষদের নির্বাচনে দলের প্রার্থীদের হয়ে প্রচারের জন্যই মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত। সূত্রের খবর, নিজের ব্যক্তিগত বিমানেই বারামতী যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই মতোই 5 জন দলীয় কর্মীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন অজিত। তবে শেষ রক্ষা হল না। সর্বশেষ সূত্র মারফত খবর, বিমান দুর্ঘটনার পরই অজিত সহ প্রত্যেককেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।