সৌভিক মুখার্জী, কলকাতা: যার সুরেলা কন্ঠে মুখিয়ে থাকত বাচ্চা থেকে বুড়ো, সেই অরিজিৎ সিং (Arijit Singh Retirement) মঙ্গলবার রাতে ভক্তদের কাঁদিয়ে প্লেব্যাক সিঙ্গার হিসাবে অবসর নিলেন! হ্যাঁ, আর শোনা যাবে না তাঁর কন্ঠে নতুন কোনও গান। কার্যত তিনি তাঁর অনুরাগীদের কাঁদিয়ে ছাড়লেন। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন বয়ে চলেছে জোর জল্পনা। কেন প্রিয় গায়ক এত তাড়াতাড়ি গান ছেড়ে দিলেন? আর কি কখনও গায়কের গলায় গান শোনা যাবে না? জানালেন খোদ অরিজিৎ সিং।
গানের জগৎ থেকে অবসর অরিজিৎ সিং এর
উল্লেখ্য, মঙ্গলবার রাতে আচমকা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে অরিজিৎ জানিয়ে দেন যে তিনি প্লেব্যাক সিঙ্গার হিসাবে আর গান গাইবেন না। অর্থাৎ, বলিউড বা টলিউড, তাঁর গলায় নতুন কোনও গান আর আসবে না। আর এই ঘোষণায় কার্যত ভূমিকম্প বয়ে যায় সমাজ মাধ্যমে। কারণ, প্রিয় গায়কের আচমকা এরকম সিদ্ধান্তে কার্যত সন্দিহান হয়ে পড়ে তাঁর ফ্যানেরা। কী কারণ জানালেন গায়ক?
নিজের এক্স হ্যান্ডেলে এক অনুরাগী কারণ জানতে চাইলে অরিজিৎ জানান, এর পিছনে অনেকগুলি কারণ রয়েছে। আমি অনেকদিন ধরেই এই সিদ্ধান্ত নেব বলে ভাবছিলাম, কিন্তু নিতে পারছিলাম না। অবশেষে নিজের মধ্যে সাহস সঞ্চার করে করতে পেরেছি। আসলে কোনও কিছুতে আমার খুব তাড়াতাড়ি একঘেয়েমি চলে আসে। গানেও ঠিক তেমন। সেই কারণে আমি আমার গানের ধরন এবং স্টেজে পারফর্ম করার ভঙ্গিও বদলাতে থাকি। আমি চাই নতুন কোনও প্রতিভা আসুক, যার কাজ থেকে আমি আবারও পুনরায় অনুপ্রাণিত হতে পারব। সৃজনশীলতাই আমাকে এই প্লেব্যাক থেকে দূরে সরিয়ে দিল।
তবে নেট নাগরিকদের একটি বৃহৎ অংশ অরিজিতের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, বর্তমানে বলিউড আর অরিজিৎ সিং একে অপরের সমর্থক। সাধারণ মানের ছবিতেও ব্যবসায়িক সাফল্যের জন্য অরজিৎ সিং এর গান রাখা হতো। যার ফলে তাঁর গানগুলো একঘেয়ে হয়ে যাচ্ছিল এবং সেই বৈচিত্রটাই কোথাও বা কোথাও হারিয়ে যাচ্ছিল। তাই নিজের শিল্পীস্বত্বাকে বাণিজ্য থেকে মুক্ত করার জন্যই হয়তো তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: অজিত পাওয়ারের অকাল প্রয়াণে মর্মাহত মমতা, করলেন ঘটনার পূর্ণ তদন্তের দাবি
পরিচালনায় নামতে চলেছেন অরিজিৎ সিং?
এদিকে কানাঘুষো শোনা যাচ্ছে যে, অরিজিৎ সিং এবার নাকি পরিচালনার ময়দানে নামতে চলেছে। হ্যাঁ, প্রযোজক মহাবীর জৈনের সঙ্গে একটি বিরাট বাজেটের অ্যাডভেঞ্চার ছবি নিয়ে নাকি তিনি কাজ করতে চলেছেন, যা দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা। হয়তো নিজের কর্মজীবনের দ্বিতীয় কোনও অধ্যায় শুরু করতে চলেছেন প্রিয় গায়ক। যদিও এখনও সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য আসেনি। সবটা সময়েই বলা যাবে।