কৃষি এবং শিল্প দুটোই চলবে সিঙ্গুরে, নির্বাচনের আগে বড় বার্তা মমতার

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: একটা সময় সিঙ্গুরকে কেন্দ্র করে লড়াই চলেছিল সিপিএম বনাম তৃণমূল কংগ্রেসের। বামেদের ৩৪ বছরের গদি টলিয়ে দিয়েছিলেন সেই সময়ের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেপথ্যে ছিল সিঙ্গুর এবং নন্দীগ্রাম। এবারের বিধানসভা নির্বাচনের আগে ফের খবরের শিরোনামে উঠে এল সিঙ্গুর। সেখান থেকেই এবার শিল্পের বার্তা দিলেন মমতা।

সিঙ্গুরে মমতা

বহু প্রতীক্ষার অবসান, অবশেষে পূর্বঘোষণা মতোই বুধবার সিঙ্গুরে রতনপুরের ইন্দ্রখালির মাঠে সরকারি সভায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অনুষ্ঠান মঞ্চ থেকেই এক ঐতিহাসিক পদক্ষেপ নিলেন তিনি। অভিনেতা ওরফে সাংসদ দেবকে পাশে রেখেই এদিন দীর্ঘ প্রতীক্ষিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় সিঙ্গুরের এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও সাধারণ মানুষের হাতে তুলে দেন। বন্যার ফলে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। এছাড়াও এদিন সিঙ্গুরে শিল্প কারখানা তৈরি করারও পরিকল্পনা ঘোষণা করলেন তিনি।

সিঙ্গুরে শিল্প পরিকাঠামো নিয়ে সরাসরি মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সিঙ্গুরের মঞ্চ থেকে বলেন, “সিঙ্গুরে ৮ একর জমির উপর ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে ২৮টি প্লটের মধ্যে ইতিমধ্যেই ২৫টি বরাদ্দ হয়ে গিয়েছে।”এর পাশাপাশি সিঙ্গুরে ৭৭ একর জমিতে একটি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “অ্যামাজন ও ফ্লিপকার্ট সেখানে ওয়্যারহাউস তৈরি করছে। আমি বলে রাখছি এইখানেই হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। আপনারা ভালোভাবেই জানান আমরা মুখে শুধু বলি না, কাজে করেও দেখাই।” অন্যদিকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “কৃষিও চলবে, শিল্পও চলবে। কারও জমি কেড়ে নয়।”

আরও পড়ুন: বোলপুরে SBI-র ভুয়ো শাখা খুলে লক্ষাধিক টাকা নিয়ে পালাল প্রতারক! মাথায় হাত জনতার

প্রসঙ্গত, ১০ দিন আগে এই সিঙ্গুরের ‘টাটার মাঠে’ সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের প্রত্যাশা ছিল ভোটমুখী বাংলায় এই সভা থেকে শিল্প সংক্রান্ত বড় ঘোষণা করবেন তিনি। কিন্তু শিল্প নিয়ে নীরব ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে মোদি আসার আগে বঙ্গ বিজেপি প্রচার চালিয়েছিল যে সিঙ্গুরের শিল্প গড়বে মোদি এমনকি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও বলেছিলেন যে “টাটাকে বাংলায় ফেরাবো” সেখানে দাঁড়িয়ে মোদির এই হেন আচরণে মানুষ যে কিছুটা আশাহত হয়েছে, এ কথা বলাই বাহুল্য। এখন দেখার পালা, মমতা কতটা আশা পরিপূর্ণ করে সিঙ্গুরবাসীর।

Leave a Comment