দু’দিনের চিকিৎসায় দেড় লক্ষের বিল! অভিযোগ জানিয়ে টাকা ফেরত পেলেন সৌগত রায়

Saugata Roy

প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা পদ্ধতি যে বেশ উন্নত তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সমস্যা একটাই, সেখানে বিলিং প্রসেসে অত্যধিক চার্জ কাটা হয়। যদিও বর্তমানে সময়ে বেসরকারি হাসপাতালে অত্যধিক বিল বিতর্ক বেশ সাধারণ হয়ে গিয়েছে। হামেশাই সাধারণ মানুষ এই নিয়ে প্রতিবাদ করে। তবে এবার এই অত্যধিক বিল নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

ওভার বিলিং নিয়ে গর্জে উঠলেন সৌগত

জানা গিয়েছে, চলতি মাসের ১৮ জানুয়ারি রাত সাড়ে ন’টার পরে অসুস্থ বোধ করায় তড়িঘড়ি দমদমের প্রবীণ সংসদ সৌগত রায়কে মিন্টো পার্ক লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। দিনরাত ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। শেষে ২০ জানুয়ারি দুপুরে তাঁকে ছুটি দেওয়া হয়। কিন্তু মাত্র দুদিনের চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর হাতে তুলে দেয় ১ লক্ষ ৫৪ হাজার ৫১৮ টাকার বিল। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। এরপরেই ওই হাসপাতালের বিরুদ্ধে ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনে ওভার বিলিং নিয়ে অভিযোগ জানান দমদমের সাংসদ।

অভিযোগের ভিত্তিতে কমানো হল বিলের অঙ্ক

সাংসদের তরফে অভিযোগের বিষয়টি সামনে আসতেই কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দোপাধ্যায় সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে সরকারি নির্ধারিত হার অনুযায়ী নতুন করে বিল করার নির্দেশ দেন। এরপরেই বিলের পুনর্মূল্যায়ন প্রক্রিয়া চলে এবং খরচ দাঁড়ায় ৩৫ হাজার ৭৬৮ টাকা। ফলে আগের বিলের তুলনায় অতিরিক্ত আদায় করা ১ লক্ষ ১৮ হাজার ৭৫০ টাকা সৌগত রায়কে ফেরত দেওয়া হয়। এই প্রসঙ্গে সৌগত রায় বলেন, ‘কেন ওঁরা বেশি বিল করেছিলেন, জানি না। কমিশনে অভিযোগ জানিয়েছিলাম। পরে ন্যায্য বিল জমা দেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ আমায় টাকা ফেরত দিয়ে দিয়েছে। এখন আর কোনও বিতর্ক নেই।’

আরও পড়ুন: হাতে আর ৪ দিন, কীভাবে করবেন টোটো রেজিস্ট্রেশন? না করলেই বেরোতে পারবেন না

সৌগত রায়ের অভিযোগের ভিত্তিতে ওই বেসরকারি হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন জানান, সাধারণ রোগীদের মতোই সৌগত রায়কেও নিয়মিত বিল দেওয়া হয়েছিল। তিনি জানান, সাংসদ কোন ছাড় চাননি এবং বিল পরিশোধও করেছিলেন। তবে কমিশনের নির্দেশের পর বিষয়টি নিয়ে আর বিতর্ক না বাড়াতে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অনুযায়ী নতুন বিল করে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই ওভার বিলিং নিয়ে সাধারণের মধ্যে বিতর্ক এখনও শেষ হয়নি।

Leave a Comment