প্রীতি পোদ্দার, কলকাতা: কয়েকদিন আগে বঙ্গ জুড়ে যে হারে ঠান্ডা কনকনে শীত পড়েছিল, তাতে রীতিমত আট থেকে আশি সকলেই জমে গিয়েছিল। লেপ কম্বল থেকে একদমই বেরোতে চাইছিল না। ১৮ বছরের রেকর্ড ব্রেক করেছিল এই ঠান্ডা। কিন্তু এইমুহুর্তে যে আবহাওয়া (Weather Tomorrow ) বঙ্গে বিরাজ করছে তা দেখে মালুম পাওয়া যাচ্ছে না যে এমন ঠাণ্ডা ছিল বঙ্গে। বেলা বাড়লেই দক্ষিণবঙ্গে চড়ছে রোদ। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আর সেই জুবুথুবু ঠাণ্ডা ফিরে আসবে না?
সরস্বতী পুজোর পর থেকেই যে শীত কমতে থাকবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। আর এই খামখেয়ালিপনার মূলে রয়েছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া অফিস জানিয়েছে, একটি ঝঞ্ঝা জম্মু-কাশ্মীরে রয়েছে। দিন কয়েকের মধ্যে আর একটি নতুন ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে। এর ফলে উত্তর ভারতের একাংশে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা। উত্তরবঙ্গের আবহাওয়া এখন বেশ মনোরম থাকবে তবে শীত শুধুমাত্র বিদায় নিচ্ছে দক্ষিণবঙ্গ থেকে। জানা গিয়েছে, আগামী বেশ কয়েকদিন এমনই থাকবে তাপমাত্রা। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা শীত বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে থাকবে। এইমুহুর্তে খুব বেশি শীতের দাপট দেখা যাবে না। শুধুমাত্র ভোর ও সন্ধ্যার দিকে হালকা শীতের আমেজ অনুভব করা যাবে। দুপুরের দিকে হালকা গরম ভাব লাগবে। আগামী সাতদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকবে।
আরও পড়ুন: অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের প্রতিরক্ষা সূচকে ধস, কততে ভারত?
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের শীতের দাপট এখন অনেকটাই বেশি থাকবে বলে জানা গিয়েছে। তবে এইমুহুর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের উপরের জেলাগুলোর তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। আপাতত কুয়াশার কোনও সতর্কতা নেই জেলাগুলিতে।