সহেলি মিত্র, কলকাতাঃ একেই হয়তো বলে ‘সবুজ বিপ্লব।’ নইলে এক সময় যে জায়গাটি সমাজবিরোধীদের অন্যতম ঠেক ছিল, ভাগাড় ছিল, নোংরা আবর্জনা দিনের পর দিন পড়ে থাকত, আজ সেই জায়গায় ঘটছে বিপ্লব। আবর্জনার ভাগাড় থেকে আজ জায়গাটি বীরভূম জেলার গর্ব হয়ে গিয়েছে। আজ কথা হচ্ছে শান্তিনিকেতনের পারুলডাঙ্গায় থাকা বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় (Bolpur Sikshaniketan Ashram Vidyalaya) নিয়ে। আজ এই স্কুলেই হচ্ছে সবুজ বিপ্লব। নিশ্চয়ই ভাবছেন কীভাবে?
শান্তিনিকেতনের এই স্কুলে হচ্ছে ‘সবুজ বিপ্লব’
শান্তিনিকেতন থানার পারুলডাঙা গ্রামে অবস্থিত বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় মূলত পিছিয়ে পড়া ও প্রান্তিক পরিবারের পড়ুয়াদের শিক্ষা দেওয়ার লক্ষ্যে নিয়োজিত। তবে পড়ুয়াদের পাশাপাশি আজ সেই বিদ্যালয় জেলার থেকে শিক্ষা, পরিবেশ এবং সচেতনতার এক জলজ্যান্ত উদাহরণ। জানলে অবাক হবেন, এই বিদ্যালয়ের আওতায় থাকা প্রায় ২৭ বিঘা জমি এক সময় একদম অবহেলিত, অনাদরে পড়ে ছিল। আবর্জনার স্তুপ, মৃত পশু পাখিতে ভরা থাকত। স্থানীয়দের মতে, আগে এই জায়গায় সমাজ বিরোধী কাজও চলত। তবে ছবি বদলায় ২০২২ সালে।
আরও পড়ুনঃ শুধু DA’ই নয়, এবার শূন্যপদ নিয়েও বিরাট হুঁশিয়ারি সরকারি কর্মীদের, হবে বড়সড় কিছু?
সেই সময়ে প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস দায়িত্ব গ্রহণ করে এই জমিকে দখলমুক্ত করেন এবং বিদ্যালয়ের কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করেন। যেমন ভাবা তেমন কাজ। প্রথমদিকে ছোট পরিসরে ভুট্টা ও সূর্যমুখী চাষ এবং একটি কিচের গার্ডেন তৈরি করা হয়। এরপর সাফল্যের পর ধাপে ধাপে প্রায় ১০ থেকে ১২ বিঘা জমিতে গড়ে ওঠে একটি বিস্তৃত জইব বাগান। জানা গিয়েছে, বর্তমানে এই জমিতে প্রায় ১৮৫ প্রজাতির ফুল, ফল ও শাকসবজি চাষ হচ্ছে তাও কিনা সম্পূর্ণভাবে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই।
পড়াশোনার পাশাপাশি প্রকৃতি, কৃষি ও পরিবেশ কী, সে সম্পর্কেও হাতেখড়ি হয়ে যাচ্ছে বিদ্যালয়ের পড়ুয়ারা। পড়াশোনার ফাঁকতালে পড়ুয়ারা বাগানে এসে খেলা করে, জিনিসপত্র নাড়াচাড়া করে দেখে কোনটা কেমন কী জিনিস। এখন শুধুমাত্র পড়ুয়ারাই নয়, বিদ্যালয়ের এই উদ্যোগ চাক্ষুষ দেখতে হাজির হচ্ছেন স্থানীয় মানুষরাও। প্রধান শিক্ষকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন বিদ্যালয়ের বাকি শিক্ষকরাও। যদিও সরকারি সাহায্য পেলে এই বাগান আরও বড় হবে বলে আশা স্কুল কর্তৃপক্ষের।