প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে কলকাতায় আই-প্যাকের দফতর ও তৃণমূলের আইটি প্রধান তথা রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশিতে গিয়েছিল। আর এই তল্লাশিকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় রাজনৈতিক শিবিরে। রাজ্য এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে তীব্র সংঘাত তৈরি হয়, যার রেশ এখনও কাটেনি। পরিস্থিতি এতটাই জটিল যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট হয়ে বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আর এই আবহে ইডির পর এবার কলকাতায় তদন্তের তৎপরতা বাড়াল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন ওরফে CBI (CBI Raids In Kolkata)।
সাতসকালে কলকাতায় CBI হানা
রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বৃহস্পতিবার সাতসকালে কলকাতার দুই ব্যবসায়ীর বাড়ি সহ বিভিন্ন জায়গায় CBI তদন্তের অভিযান শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে এক হাজার কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে এই তদন্ত। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে একটি গিয়েছে আলিপুরে সুনীল কানরিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে অন্য আরেকটি দল গিয়েছে পূর্ব পুটিয়ার সুবিনয় সাহার বাড়িতে। জানা গিয়েছে, সেখানে দুই ভাই থাকেন। এক ভাই সুবিনয় বাড়িতে থাকলেও, ছোট ভাই কর্মসূত্রে বাইরে থাকেন। আগে তাঁরা পুঁটিয়ারির চাকদহ অঞ্চলে থাকতেন তবে কয়েক বছর আগে এই অঞ্চলে থাকতে শুরু করেছেন তাঁরা।
মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী
অভিযানের সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না-হয়, সেই কারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ব্যাংকিং ব্যবস্থাকে ব্যবহার করে বড় অঙ্কের আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ সামনে আসার পরই এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সন্দেহজনক লেনদেন, ঋণ জালিয়াতি এবং আর্থিক নথিতে গরমিলের অভিযোগ রয়েছে ৷ সেগুলিই অভিযানে খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কী কী উদ্ধার হয়েছে বা কারা তদন্তের আওতায় রয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি CBI-এর তরফ থেকে।
আরও পড়ুন: জুড়বে নতুন লাইন, জংশন তকমা পেতে পারে হুগলীর আরামবাগ স্টেশন! বড় পদক্ষেপ রেলের
প্রসঙ্গত, এর আগের সপ্তাহেও ব্যাঙ্ক জালিয়াতি মামলায় কলকাতা-নিউটাউন সহ পাঁচটি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। আলিপুর নিউ রোডে অতিরিক্ত ফোর্স নিয়ে তল্লাশি শুরু করেন তাঁরা। সেখানে এক ব্যবসায়ী নিশা কেজরিওয়াল-এর বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা। মিলেছিল একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।