প্রীতি পোদ্দার, কলকাতা: রাজনৈতিক অন্দরে একাধিক বিষয় নিয়ে প্রায়শই কেন্দ্রের সঙ্গে বিরোধী দলগুলির বিতর্ক লেগেই থাকে, যার মধ্যে অন্যতম হল পেগাসাস বিতর্ক। পেগাসাস স্পাইওয়ারের মাধ্যমে এ দেশের প্রায় ৩০০ জনের ফোনে আড়ি পাতা হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। তালিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর এবং রাহুল গান্ধীর মতো বিরোধী নেতারা। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছিলেন, ‘পেগাসাস ডেঞ্জারাস ফেরোসাস।’ তার পর তাঁর ফোনের ক্যামেরার উপর টেপ সেঁটে দিয়েছিলেন। এবার অবিকল মোবাইল ফোনের ক্যামেরায় টেপ লাগাতে দেখা গেল, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে (Israel PM Benjamin Netanyahu)। শুরু হল তুমুল চর্চা।
ইজরায়েলের প্রধানমন্ত্রীর ক্যামেরায় লাগানো টেপ!
সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ছবি সমাজমাদ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর স্মার্টফোনে কথা বলছে। কিন্তু সেই ফোনের ক্যামেরার চারপাশের অংশটি টেপ দিয়ে ঢাকা আছে বলে মনে হচ্ছে, আর এই কারণেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি। সন্দেহের বশে প্রশ্ন উঠছে তবে কি পেগাসাসের ভয়ে এই উদ্যোগ সেই দেশের প্রধানমন্ত্রীর। কিন্তু যেখানে ইজরায়েলের মত দেশে সাইবার গোয়েন্দাগিরি ও সাইবার নিরাপত্তা ব্যাপক ভাবে শক্তিশালী সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ক্যামেরায় টেপ লাগানো সত্যিই অবাক করে দিচ্ছে সকলকে। তবে কি ক্যামেরার মাধ্যমে সত্যিই হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে?
ক্যামেরা দিয়েই বাড়ছে বিপদ!
বিশেষজ্ঞদের মতে ক্যামেরার মাধ্যমে প্রতারকদের হ্যাক করার এই সিস্টেমকে বলা হয় ক্যামফেক্টিং। এটি এমন এক সাইবার আক্রমণ, যেখানে হ্যাকার দূর থেকেই কারও মোবাইল বা ল্যাপটপের ক্যামেরা নিয়ন্ত্রণ করে সেই মোবাইল ব্যবহারকারীর সমস্ত ডেটা কালেক্ট করতে পারবে। অনেক সময়ে ব্ল্যাকমেল বা গুপ্তচরবৃত্তির জন্যও এটি ব্যবহৃত হয়। সবচেয়ে আতঙ্কের বিষয় হল একবার ফোনে যদি এই ম্যালওয়্যার ঢুকে পড়ে তাহলে, ক্যামেরা বা মাইক্রোফোন নিঃশব্দে চালু হয়ে যেতে পারে। তাই স্বাভাবিকভাবেই সাধারণদের সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা বিধি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের স্মার্টফোন আদৌ কতটা নিরাপদ?
আরও পড়ুন: কৃষ্ণনগর-আমাঘাটা লাইনে যাত্রীদের আরেকটি দাবি পূরণ করতে চলেছে রেল
ডিজিটাল সেফটি টিপস
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ক্যামফেক্টিং থেকে রক্ষা পেতে বেশ কয়েকটি ধাপ অনুসরন করা বেশ জরুরি। আর সেগুলি হল, ফোনের ক্যামেরা ঢেকে রাখা, নিয়মিত সফটওয়্যার আপডেট করা, অ্যাপের অনুমতি খতিয়ে দেখা, অচেনা লিঙ্ক ও অ্যাপ এড়িয়ে চলা এবং পাবলিক ওয়াই-ফাইয়ে সাবধানে ব্যবহার করা। তবে এক্ষেত্রে ফোনের ক্যামেরায় টেপ লাগানো কোনও আতঙ্কের বিষয় নয়—বরং ‘ফাইনাল সেফটি লেয়ার’। তাই আতঙ্কিত না হয়ে মেনে চলুন এই ডিজিটাল হাইজিন।